বাল্যবিবাহ প্রতিরোধে থাকবে হটলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা দেশের বাল্যবিবাহপ্রবণ এলাকার মধ্যে অন্যতম। এ এলাকার ৬৫ শতাংশ মেয়ে বিদ্যালয়ের গণ্ডি পেরোনোর আগেই সংসারজীবনে প্রবেশ করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে একটি হটলাইন চালু করা হবে বলে জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান।
গতকাল সোমবার খুলনা সিএসএস আভা সেন্টারে বাল্যবিবাহ নিরোধে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে এ কথা জানান তিনি। ইউনিসেফের সহযোগিতায় খুলনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রার (কাজি) ও পুরোহিতেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন জেলা প্রশাসক। এ কারণে বাল্যবিবাহ নিরোধে তাঁদের আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।
খুলনা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক টি এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার বিভূতিভূষণ ব্যানার্জি, ইউনিসেফ কনসালট্যান্ট পুলক রাহা ও খুলনা ইউনিসেফের বিভাগীয় প্রধান মো. কফিল উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) অধ্যাপক মো. শামছুল হুদা।