বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারাভিযান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাল্যবিবাহ রোধ করুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন’ প্রতিপাদ্য নিয়ে ‘অ্যাকটিভ সিটিজেনস’ নামের একটি সংগঠনের মানিকগঞ্জ জেলা ইউনিট প্রচারাভিযান শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার জেলা শহরে সংগঠনটি এক কর্মিসভার মধ্য দিয়ে এ প্রচার শুরু করে।
বেলা তিনটার দিকে সরকারি উচ্চবিদ্যালয় মাঠসংলগ্ন শহীদ মিনারের পাদদেশে অ্যাকটিভ সিটিজেনসের সদস্যদের কর্মিসভা হয়। সভায় বক্তব্য দেন সংগঠনটির সদস্য রুমা আক্তার, রুবাইয়াত শারমীন, ওয়াসিম মিয়া, আনজীরা আহমেদ, লালীনা হক, আহসান হাবিব, রোকসানা আক্তার প্রমুখ। কর্মিসভায় তরুণেরা বাল্যবিবাহ প্রতিরোধ করে সুস্থ, সুন্দর সমাজ গড়ার প্রতিজ্ঞা করেন। এরপর তাঁরা জনসাধারণকে সচেতন করতে ‘বাল্যবিবাহ রোধ করুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন’ লেখাসংবলিত ফেস্টুন হাতে শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন।