বাল্যবিবাহ প্রতিরোধে শপথ শিক্ষার্থীদের
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার আট শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নিয়েছে। একই দিন টাঙ্গাইলের মির্জাপুরে প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করার পর ২৫০ ছাত্রীকে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ীর ভাটারা ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ের সামনে বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে সমাবেশ হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে এ আয়োজন হয়। এতে ভাটারা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ের পিঁড়িতে বসবে না বলে শপথবাক্য পাঠ করেন। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। বেলা দুইটার দিকে সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের চার শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নেয়। প্রতিষ্ঠানটি এ আয়োজন করে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সৈয়দ আব্দুর রউফ শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয় প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে আলোচনা সভার আয়োজন করে। বেলা ১১টার দিকে ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা বেগম বাজারে এ অনুষ্ঠান হয়। সেখানে ভাতগ্রাম কেআরএস ইনস্টিটিউশনের ২৫০ জন ছাত্রীকে বিনা মূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন, ভাতগ্রাম ইউপির চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মিনু পারভীন আলোচনায় অংশ নেন। এ ছাড়া উপজেলা সদরে ভারতেশ্বরী হোমস ও আন্তর্জাতিক গবেষণা সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।