বাল্যবিবাহ প্রশ্নে পেছনে হাঁটছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১৫ মাস আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলাদেশ থেকে তিনি বাল্যবিবাহ তুলে দেবেন। সেই প্রধানমন্ত্রীই এখন দেশটিতে বিয়ের বয়স কমিয়ে দিতে চান বলে মনে হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে এ মন্তব্য করেছে।
এইচআরডব্লিউর নারী অধিকার শাখার জ্যেষ্ঠ গবেষক হিদার বারের লেখা ‘গোয়িং ব্যাকওয়ার্ডস অন চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ’ (বাংলাদেশে বাল্যবিবাহের ক্ষেত্রে পেছনে হাঁটা) শীর্ষক প্রতিবেদনটি গত বুধবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই মাসে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত গার্লস সামিটে অংশ নিয়ে শেখ হাসিনা ঘোষণা দেন, তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশে ১৫ বছরের কম বয়সী ছেলে-মেয়েদের বিয়ে বন্ধ করবেন। আর ২০৪১ সালের মধ্যে ১৮ বছরের কম বয়সীদের বিয়ের ইতি ঘটানো হবে।
প্রধানমন্ত্রীর ওই ঘোষণা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। কারণ, বাংলাদেশে বাল্যবিবাহের হার এখনো উচ্চ। বর্তমানে ২৯ শতাংশ মেয়েরই ১৫ বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। আর ১৮ বছরের মধ্যে বিয়ে হয় ৬৫ শতাংশের। এ ছাড়া ২ শতাংশ মেয়ের বিয়ে হয় ১১ বছরের মধ্যে, যা ভয়ংকর।
প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর ওই প্রতিশ্রুতির মাত্র কয়েক সপ্তাহের মাথায় তাঁর সরকার মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করতে আইনের প্রস্তাব দেয়। মানবাধিকারকর্মী ও আন্তর্জাতিক দাতাদের প্রতিবাদের মুখে সরকার বারবার বলেছে, তারা বিয়ের বয়স কমাবে না। কিন্তু পর্দার আড়ালে তারা অন্তত কিছু ক্ষেত্রে বয়স কমানোর লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, সর্বশেষ খবর হচ্ছে, সরকার এ-সংক্রান্ত একটি খসড়া আইন পর্যালোচনার জন্য এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে ‘বিশেষ পরিস্থিতি’তে ১৬ বছর বা তার বেশি বয়সী মেয়েদের বিয়ের অনুমতি দেওয়ার বিধান রয়েছে। এই ‘বিশেষ পরিস্থিতি’ কী, তার কোনো সংজ্ঞা দেওয়া হয়নি।