বাল্যবিবাহ পড়ানোয় ইমামের কারাদণ্ড
রংপুরে বাল্যবিবাহ পড়ানোর দায়ে গতকাল বৃহস্পতিবার মসজিদের একজন ইমামকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক এই কারাদণ্ডাদেশ দেন। বাল্যবিবাহের ঘটনাটি ঘটেছে গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ঘাঘটপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, বড়বিল ইউনিয়নে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর (১১) সঙ্গে একই গ্রামের মোহসীনের বিয়ের আয়োজন করা হয় গত ৩০ আগস্ট। বিষয়টি জানতে পারে বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগ মেয়ে ও ছেলেপক্ষের অভিভাবকদের বিয়ে না দেওয়ার অনুরোধ জানায়। কোনো পক্ষই বিষয়টি আমলে না নেওয়ায় সংস্থাটি ইউএনওর কাছে বিয়ে বন্ধের আবেদন করে। এরপর ইউএনও মাহবুবুল হক ওইদিন ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে বিয়ে বন্ধের মৌখিক আদেশ দেন। কিন্তু তাঁরা পরদিন বিয়ে দেন। গঙ্গাচড়া থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, নাগরিক উদ্যোগের সহযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে মেয়েটির একটি প্রত্যয়নপত্র ও ইউনিয়ন পরিষদের একটি জন্ম সনদপত্রও জমা দেওয়া হয়েছে। এরপর পুলিশ গতকাল বৃহস্পতিবার বিয়ে পড়ানোর ইমাম মো. আবদুল্লাহকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। অন্যরা পালিয়ে যান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও বিয়ে পড়ানোর দায়ে ইমামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের আঞ্চলিক কর্মকর্তা সৈয়দ আরিফুল ইসলাম একজনের শাস্তি হওয়ায় উপজেলায় বাল্যবিবাহ অনেকটা কমে আসবে বলে মন্তব্য করেছেন। ইউএনও মাহবুবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাল্যবিবাহ না দেওয়ার জন্য ঘটনাস্থলে তিনি নিজে গিয়ে অনুরোধ জানালেও অভিভাবকেরা সেই অনুরোধ রক্ষা করেননি। তাই বিয়ে দেওয়ার অপরাধে ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৫-ধারা মোতাবেক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড দেওয়া হয়।