বাল্যবিবাহ বন্ধ, অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনা চার মাস আগের। একসঙ্গে দুই বোনের বিয়ের আয়োজন ছিল। বরপক্ষও এসে গিয়েছিল কনেদের বাড়িতে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও মহিলা পরিষদের কর্মীরা ওই বাড়িতে ছুটে যান। কনের মা-বাবাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝান। পরে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষ্মণশ্রী ইউনিয়নের জলিলপুর গ্রামের ঘটনা এটি। গত বছরের নভেম্বর মাসে এই বিয়ের আয়োজন করা হয়েছিল। সেই সময় এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় পরিবারটিকে অভিনন্দন জানিয়েছে নরওয়ে দূতাবাসের উপপ্রধান হেনরিক উইডথ।
গতকাল বুধবার বিকেলে হেনরিক উইডথ ওই বাড়িতে গিয়ে দুই বোন, তাঁদের মা-বাবাসহ পরিবারের সবাইকে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় তাঁর সঙ্গে দূতাবাসের জ্যেষ্ঠ উপদেষ্টা মুর্শেদ আহমদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অভিনন্দন জানানোর সময় হেনরিক উইডথ বলেন, ‘এটা একটা চমৎকার উদাহরণ। বাল্যবিবাহের কুফল বুঝতে পেরে তাঁরা তা বন্ধ করেছেন। আমি তাঁদের অভিনন্দন জানাতে ছুটে এসেছি।’
স্থানীয় সূত্রে জানা গেছে, জলিলপুর গ্রামের এক ব্যক্তির পাঁচ ছেলে ও চার মেয়ে। আরেক মেয়ে কলেজে পড়ে। ছোট দুই মেয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। গত বছরের নভেম্বর মাসে ওই দুই মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। বরযাত্রীরা চলে আসার পর উপজেলা প্রশাসন ও মহিলা পরিষদের পক্ষ থেকে লোকজন গিয়ে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝানোর পর ওই ব্যক্তি তাঁর মেয়েদের বিয়ে বন্ধ করে দেন।