বাল্যবিবাহ বন্ধ করলেন ভ্রাম্যমাণ আদালত
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দরগাবাজার উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দরগাবাজার এলাকার কৃষক শহিদুল ইসলামের ১২ বছর বয়সের মেয়ের বিয়ে ঠিক করা হয়েছিল গত বুধবার। এ উপলক্ষে ওই দিন দুপুরে বরযাত্রী ও অতিথিদের জন্য ওই বাড়িতে তৈরি করা হয়েছিল প্যান্ডেল। বিয়ে পড়ানোর জন্য কাজিও ঠিক করে রাখা হয়। এলাকাবাসী ঘটনাটি ঈশ্বরদীর ইউএনও এবং মহিলাবিষয়ক কর্মকর্তাকে মুঠোফোনে জানান।
পরে ইউএনও সানোয়ার হোসেনের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেবুন নাহার তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান এবং বরপক্ষ আসার আগেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জোবায়দা খাতুন উপস্থিত ছিলেন। পুলিশ বরযাত্রীদের জন্য আনা ১০ কেজি গোস্ত বাজারে ফেরত পাঠিয়ে দিয়ে চুলা বন্ধ করে দেয়।