বাল্যবিবাহ বন্ধ করা গেলে শিক্ষার্থী ঝরে পড়া কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ ও দরিদ্রতার কারণে বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। এটি রোধ করা না গেলে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। এ জন্য অভিভাবক ও শিক্ষকদের আরও বেশি আন্তরিক হতে হবে। গতকাল শনিবার কক্সবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ‘শিক্ষার্থী ঝরে পড়ার কারণ ও রোধকল্পে করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দীন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ারুল নাসের, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক আবদুল্লাহ মামুন।
আলোচলায় অংশ নেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যাথিং অং, বদরখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উখিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফজলুল করিম, কক্সবাজার কামিল মাদ্রাসার অধ্যক্ষ জাফর উল্লাহ নুরী, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ, কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন, কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. ছৈয়দ করিম, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রমজান আলী, শিক্ষার্থী তৃষা শর্মা, আরিফুল ইসলাম, আহসান হাবিব প্রমুখ।
প্রধান অতিথি মো. নুরুল আমিন বলেন, বাংলাদেশে ৭৩ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে ১৮ বছরের আগে। বাল্যবিবাহের পর পারিবারিক কলহ ও বিবাহবিচ্ছেদের কারণেও অনেক মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে। দুর্গম এলাকায় যাতায়াত সমস্যার কারণেও কিছু শিক্ষার্থীর মাঝপথে লেখাপড়া বন্ধ হচ্ছে। কিন্তু শিক্ষা থেকে কেউ যাতে বাদ না পড়ে, সে জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কাজ করছে। ২ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। কিন্তু বাল্যবিবাহ রোধ করা সম্ভব না হলে এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে না।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, দরিদ্র মেধাবী ও ঝরে পড়া শিক্ষার্থীদের বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি ও উপবৃত্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ভূমিকা রাখছে। এ জন্য ঝরে পড়া রোধ করতে হবে। মাদ্রাসা, কলেজ ও স্কুল পর্যায়ে ঝরে পড়ার কারণ নির্ণয় করে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে।
কয়েকজন শিক্ষক বলেন, বাল্যবিবাহ, ইভ টিজিং, দুর্গম যাতায়াত, দরিদ্রতা, অভিভাবকদের অসচেতনতার কারণে শিক্ষার্থীরা ঝরে পড়ছে।