বাল্যবিবাহ বন্ধ করার শপথ ৩৩৭ ছাত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৩৭ জন ছাত্রীকে বাল্যবিবাহ রোধক লেখাসংবলিত লাল পরিচয়পত্র দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি তাদের শপথবাক্য পাঠ করানো হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় এ অনুষ্ঠান শুরু হয়।
জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, ছাত্রীদের গলায় ঝুলবে বাল্যবিবাহ রোধক লাল পরিচয়পত্র। এতে জেলা প্রশাসকসহ পুলিশ সুপারের মুঠোফোন নম্বর আছে। ১৮ বছরের আগে মেয়েদের যদি কেউ বিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে এ নম্বরে যোগাযোগ করতে হবে। ফোন পাওয়া মাত্র প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী হাকিম পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হবে। তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি দ্রুত সারিয়ে তুলতে হবে। সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
নির্বাহী হাকিম কাজী নাহিদ ইভা ছাত্রীদের উদ্দেশে বলেন, সমাজে এখন নারীরা আর পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি নারীরা রাষ্ট্রের সব ক্ষেত্রে সমানভাবে তাল মিলিয়ে কাজ করে চলেছেন। সে জন্য, বিশেষ করে ছাত্রীদের অবশ্যই লেখাপড়া করতে হবে। ১৮ বছরের আগে বিয়ে করলে শারীরিক-মানসিকসহ নানা সমস্যা সৃষ্টির ঝুঁকি রয়েছে। অল্প বয়সে গর্ভধারণের কারণে প্রতিনিয়ত মাতৃমৃত্যুর ঘটনা ঘটছে।
নারীর ক্ষমতায়নের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ বলেন, আজকের শিক্ষার্থীদের মাঝে আগামী দিনে দেশ পরিচালনার সম্ভাবনা আছে। বাল্যবিবাহের শিকার হয়ে এ সম্ভাবনা নষ্ট করা যাবে না। সমাজে নারীদের মূল্যায়ন বৃদ্ধি করতে হলে একমাত্র উপায় বাল্যবিবাহ বন্ধ করা।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আয়েশা খাতুন বলে, ‘অনেক সময় পরিবার থেকে বিয়ের জন্য চাপাচাপি করা হয়। আবার কখনো ঘটকেরা ভালো পাত্রের লোভ দেখান। সে ক্ষেত্রে লাল কার্ডটি আমাদের সহায়ক ভূমিকা পালন করবে। যখনই এ রকম কোনো ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেবে, ঠিক তখনই কার্ডে দেওয়া নম্বরে যোগাযোগ করব।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, পলাশিপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক মোশারফ হোসেন প্রমুখ। তা ছাড়া ২০০ ছাত্রীর অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন।
দশম শ্রেণির ছাত্রী তানজিলা ইয়াসমিনের মা রেবেকা ইয়াসমিন বলেন, এ অনুষ্ঠানে এসে তিনি বাল্যবিবাহের খারাপ দিকগুলো বুঝতে পেরেছেন।