বাল্যবিবাহ বন্ধ করে দায়িত্ব নিলেন ইউএনও
নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুল থেকে ঝরে পড়া এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। পরে ১৩ বছর বয়সী সেই ছাত্রীর লেখাপড়া ও ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ নিয়ে গত ১৫ দিনে জেলার বারহাট্টা, কলমাকান্দা, কেন্দুয়া, বারহাট্টা, খালিয়াজুরী ও সদর উপজেলায় অন্তত ১০টি বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলার ইউএনওরা ।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বারহাট্টার সিংধা ইউনিয়নে স্কুল থেকে ঝরে পড়া এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করছিল তার পরিবার। বর ছিলেন একই ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (২৫)। এমন খবর পেয়ে ইউএনও ফরিদা ইয়াসমিন লোকজন নিয়ে বেলা দেড়টার দিকে মেয়েটির বাড়িতে হাজির হন। প্রশাসনের উপস্থিতিতে বর ও তাঁর সঙ্গে থাকা লোকজন দৌড়ে পালিয়ে যান। পরে ইউএনও দুই পরিবারকে ডেকে বাল্যবিবাহের কুফল বিষয়ে বোঝান এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে দেওয়া যাবে না—এমন শর্তে মুচলেকা নিয়ে বিয়েটি বন্ধ করেন।
ফরিদা ইয়াসমিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মেয়েটি গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে আর লেখাপড়া চালাতে পারেনি। তার পরিবার খুবই দরিদ্র। আমি কাল শনিবার তাকে স্কুলে ভর্তি ও লেখাপড়ার ব্যবস্থা করে দেব। এ ছাড়া নিজ খরচে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তার ভরণপোষণের দায়িত্ব নিয়েছি।’
দুই সপ্তাহ আগে বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে অপর একটি বাল্যবিবাহ বন্ধ করে মেয়েটির লেখাপড়া ও ভরণপোষণের দায়িত্ব নেন ইউএনও ফরিদা ইয়াসমিন।