বাল্যবিবাহ বন্ধ তিনজনের দণ্ড
ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করপুর গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন।জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় লস্করপুর গ্রামের মৃত শেখ বাবর আলীর (৫০) মেয়ে রেবেকা আক্তারের (১৩) সঙ্গে সদরপুর উপজেলার ডিগ্রিরচর গ্রামের খলিল সরদারের ছেলে জাফর সরদারের (২১) বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল কাদের পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। পরে ওই বাড়িতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহের অপরাধে বর জাফর সরদার ও মেয়ের চাচা শাকরাইল গ্রামের আবুল কালাম মিয়াকে (৫০) ১০ দিন এবং বরের ভগ্নিপতি ইমারত মাতুব্বরকে (৩২) তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত জানান, গতকাল শনিবার দণ্ড পাওয়া ব্যক্তিদের জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।