বাল্যবিবাহ বন্ধ নয় কেন জানতে চান আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি বাল্যবিবাহের আয়োজন বন্ধে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না মর্মে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম মো. সুমন হোসেন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুরের মধুখালী উপজেলার একটি গ্রামের ১৬ বছর বয়সী দশম শ্রেণির এক কিশোরীকে ১০ জুন সকালে অপহরণ করেন একই উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ গ্রামের তপু মণ্ডলসহ (২৬) সাতজন। ১৩ জুন ওই কিশোরীর বাবা তপুর বাড়িতে গিয়ে জানতে পারেন তপুর সঙ্গে তাঁর মেয়ের বাল্যবিবাহ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিশোরীর বাবা বাল্যবিবাহের আয়োজনে তাঁর নিজের ও তাঁর স্ত্রীর কোনো সম্মতি নেই জানালে তপুর অভিভাবকেরা বলেন, ‘আপনাদের সম্মতির কোনো প্রয়োজন নেই।’

এ ব্যাপারে ওই কিশোরীর বাবা গতকাল ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতে ‘নাবালিকা কন্যার এ বাল্যবিবাহ যাতে সম্পন্ন করতে না পারে’ সে জন্য বাল্যবিবাহ নিরোধ আইনে আদালতের নিষেধাজ্ঞা প্রার্থনা করেন।

বাদীপক্ষের কৌঁসুলি ফরিদপুর জজকোর্টের আইনজীবী মানিক মজুমদার প্রথম আলোকে জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তপুসহ ওই মামলার ১২ আসামিকেই ‘বাল্যবিবাহ সম্পন্ন করতে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। বিবাদীদের আগামী সাত কর্মদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে এ কারণ দর্শানোর জবাব দিতে হবে।

যে ১২ জন আসামিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাঁরা হলেন তপু মণ্ডল (২৬), বিনয় কুমার মণ্ডল (৪০), অমিত মণ্ডল (৩৫), মৃত্যুঞ্জয় মণ্ডল (২৬), গুরুপদ মণ্ডল (৫৫), শান্তিরাম মণ্ডল (৫৭), বিষ্ণুপদ মণ্ডল (৫০), মনোকুলি মণ্ডল (৪৭), জ্যোৎস্না মণ্ডল (৫০), হৃদয় কুমার মণ্ডল (২৫), প্রেম কুমার মণ্ডল (৩৮) ও বাবুরাম মণ্ডল (২৩)। আসামিরা সবাই এ মামলার ১ নম্বর আসামি তপু মণ্ডলের বাবা, মা, কাকা, কাকি, ভাইসহ নিকটজন।

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ফরিদপুরের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বলেন, ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ১২ ধারা (বয়স প্রমাণের দলিল) অনুযায়ী দায়ের করা একটি মামলায় ফরিদপুরে এই প্রথম কারণ দর্শানোর নোটিশ দিলেন আদালত।