মেহেরপুরের গাংনী উপজেলায় এক মায়ের চার মেয়ে। গত ২৪ জানুয়ারি স্কুলপড়ুয়া তৃতীয় মেয়ের বিয়ে দেওয়ার অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন ওই মা। তাতে বলা হয়, স্কুল সনদ অনুযায়ী মেয়ের জন্মসাল ২০০৪। কিন্তু প্রকৃতপক্ষে মেয়ের বয়স ১৯ বছর।
জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম বিয়ের অনুমতি দেননি। তিনি বিষয়টি তদন্ত করে জানতে পারেন, দারিদ্রের কারণে দ্রুত মেয়ের বিয়ে দিতে চান তিনি। তবে ওই মেয়েকে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছে প্রশাসন। এটি বাল্যবিবাহ প্রতিরোধের একটি ঘটনা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে এমন আরও নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলার কোথাও বাল্যবিবাহের সংবাদ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সেখানে যাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। গত ছয় মাসে প্রশাসনের হস্তক্ষেপে জেলায় ২০০টির বেশি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। পাশাপাশি ২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ঘটক, কাজি, বর ও অভিভাবকেরা আছেন। এ ছাড়া ৫৮ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুরে বাল্যবিবাহের হার তুলনামূলক বেশি। প্রশাসন সূত্র জানায়, বাল্যবিবাহ কমাতে জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নানা শ্রেণি-পেশার মানুষ রাখা হয়েছে। এসব কমিটি ছয় মাসে দুই শতাধিক মতবিনিময় সভা করেছে। ১৮টি ইউনিয়ন ও ১৬২টি ওয়ার্ডে সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানের ব্যক্তিদের বাল্যবিবাহ প্রতিরোধে শপথ করানো হয়েছে। আইনজীবী সমিতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, শিল্পকলা একাডেমি, চেম্বার অব কমার্স, বাস-ট্রাক মালিক সমিতি, নির্মাণশ্রমিক ইউনিয়নসহ ৩০টির অধিক সংগঠনের সহযোগিতায় সমাবেশ করা হয়েছে। এতে উপস্থিত সবাই হাত তুলে বলেছেন, ‘মেহেরপুর জেলায় আর একটিও বাল্যবিবাহ নয়।’ আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিষয়টিকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
মো. শফিকুল ইসলাম বলেন, জেলার ১২ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের নাম, ঠিকানা, জন্ম তারিখ এবং কোন তারিখে বিয়ের বয়স পূর্ণ হবে, তা উল্লেখ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়েছে। যেসব মেয়ে বাল্যবিবাহের ক্ষেত্রে অধিক ঝুঁকিপূর্ণ, তাদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
শিক্ষার্থীদের এই আন্দোলনে যুক্ত করার চেষ্টাও লক্ষ করার মতো। জেলার উল্লেখযোগ্য ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারণা চালানো হয়েছে। শিক্ষার্থীদের শপথ করানো হচ্ছে যে তারা নিজেরা বাল্যবিবাহ করবে না এবং অন্যের বাল্যবিবাহে বাধা দেবে।
সদর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বাল্যবিবাহ বর্জন ও প্রতিরোধে শপথ গ্রহণ করেছে। এতে আশাতীত ফলও মিলছে।
বাল্যবিবাহ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইমাম, কাজি ও মৌলভিদের। জেলা ইমাম ও কাজি সমিতির সদস্যদের নিয়ে এ বিষয়ে একাধিক সভা করেছে প্রশাসন। এসব সভায় ইমাম ও কাজিরা অভিযোগ করেন, বাল্যবিবাহ রেজিস্ট্রি ও পড়ানোর ক্ষেত্রে তাঁদের অনেক সময় জোর করা হয়। প্রশাসনিক সহায়তা পেলে তাঁরা এমন কাজ আর করবেন না। জেলা নিকাহ রেজিস্ট্রার (কাজি) সমিতি সূত্র জানিয়েছে, জেলা প্রশাসনের কঠোরতার কারণে এখন শিক্ষিত ছেলেমেয়েদের বিয়ে পড়ানোর প্রয়োজন হলে তার পরীক্ষার সনদ যাচাই করা হচ্ছে। জনপ্রতিনিধিদের দেওয়া সনদ সব সময় গ্রহণ করা হচ্ছে না।
জেলার প্রতিটি জামে মসজিদে খুতবার সময়ে বাল্যবিবাহের ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করার জন্য ইমামদের অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক। এ ব্যাপারে মেহেরপুর আদালত মসজিদের ইমাম আনসার উদ্দিন বেলালী বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে বাল্যবিবাহের কুফল সম্পর্কে মুসল্লিদের সচেতন করা হচ্ছে।
এ ছাড়া জেলাকে বাল্যবিবাহমুক্ত করতে সহযোগিতা চেয়ে স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনের নেতারাসহ প্রায় এক হাজার ব্যক্তিকে জেলা প্রশাসক চিঠি দিয়েছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে স্থানীয় কেব্ল চ্যানেলে বাল্যবিবাহবিরোধী প্রচারণা চালানো হচ্ছে।
মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে জেলা প্রশাসনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি নিজেও বিভিন্ন সভা-সমাবেশে এ বিষয়ে বক্তব্য দেন।