বাল্যবিবাহ বন্ধে কিশোরীর আকুতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম শ্রেণীর মেধাবী ছাত্রী (১৪) সে। তার বাবা কাপড় ফেরি করে বেচেন আর মা গৃহীণী। এক অটোরিকশাচালকের সঙ্গে ওই কিশোরীর বিয়ের প্রস্তুতি চলছে। বাদ সাধলেও মায়ের অনড় অবস্থানের কারণে সে পেরে ওঠেনি। অবশেষে এই আয়োজন বন্ধে কিশোরীটি বিদ্যালয়ের শিক্ষকদের কাছে আকুতি জানায়। বিদ্যালয়ের প্রধানশিক্ষক বরাবর সে একটি লিখিত আবেদনও করে। ঘটনাটি মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ঘটেছে।কিশোরীটি উপজেলা সদরে অবস্থিত জুড়ী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। তারা পশ্চিম জুড়ী ইউনিয়নের চাক্কাটিলা গ্রামে দীর্ঘদিন ধরে বসবাস করছে। তাদের মূল বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামে।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃণাল কান্তি দাস প্রথম আলোকে জানান, ওই কিশোরী গতকাল বুধবার সকালে বিদ্যালয়ে পৌঁছে তাঁকেসহ আরও কয়েকজন শিক্ষককে কান্নাজড়িত কণ্ঠে জানায়, তার বিয়ের সব আয়োজন প্রায় চূড়ান্ত। বরের বাড়ি সিলেটের ছাতকে। তিনি অটোরিকশা চালান। কিন্তু কিছুতেই কিশোরীটি বাল্যবিবাহ মেনে নেবে না। পরে শিক্ষকেরা বিয়ে বন্ধের আশ্বাস দিয়ে প্রধানশিক্ষক বরাবর তাকে একটি লিখিত আবেদন করার পরামর্শ দেন।কিশোরী বলে, ‘আরও লেখাপড়া করতে চাই আমি। আর বাল্যবিবাহ তো ভালো না। আম্মারে এইটা বুঝাইছি। রাজি হয় নাই।’গতকাল দুপুরে ওই কিশোরীর বাড়িতে গেলে তার মা বলেন, ‘ছেলেটা মাইয়াডারে দেইখ্যাই পছন্দ করে ফেলছে। সে বলছে, বিয়ের পরে মাইয়ারে লেখাপড়া করাইব। অভাবের সংসার। এর লাগি রাজি অইয়া গেছি।’জুড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, বাল্যবিবাহটি বন্ধে অভিভাবকদের সঙ্গে কথা বলে তাঁরা প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।