বাল্যবিবাহ বন্ধে পরামর্শ সভা
শেরপুরে বাল্যবিবাহ বন্ধে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে গতকাল বুধবার পরামর্শ (অ্যাডভোকেসি) সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন। ইউনিসেফের ঢাকা কার্যালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আরাফাত উল আলম।
সভায় জেলা প্রশাসক বলেন, বাল্যবিবাহ একটি অভিশাপ। এর মাধ্যমে অপ্রাপ্ত বয়সে গর্ভধারণকারী মা ও তাঁর নবজাতক পুষ্টিহীনতায় ভোগে। এ কারণে শিশু ও মাতৃমৃত্যুর হারও বেশি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, দেশের অন্য জেলার তুলনায় শেরপুরে বাল্যবিবাহের হার বেশি। তবে প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের তৎপরতায় বাল্যবিবাহের হার ক্রমান্বয়ে কমে আসছে। প্রশাসনের হস্তক্ষেপে জেলায় এ পর্যন্ত ৭০টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে জেলার কয়েকটি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। সবাই সচেতন হলে বাল্যবিবাহের হার শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব বলে জেলা প্রশাসক আশা ব্যক্ত করেন।
সভায় বাল্যবিবাহ বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা কর্মসূচি ঘোষণা করা হয়।