বাল্যবিবাহ বন্ধে শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি ও মাধ্যমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন বক্তারা। গতকাল শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘শিশু বিবাহ বন্ধে শিক্ষায় বিনিয়োগ’ শীর্ষক এই সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, বিয়ের সময় বেশির ভাগ মানুষই কম বয়সী এবং সুন্দরী মেয়ে খোঁজেন। এ ধরনের মনমানসিকতা পরিবর্তনের জন্য মানসম্পন্ন শিক্ষা প্রয়োজন। কেননা সৌন্দর্য চেহারায় থাকে না, থাকে একজন মানুষ কতটা শিক্ষিত অথবা তার কী কী গুণ আছে ইত্যাদির মধ্যে। বাল্যবিবাহ বন্ধে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর বিষয়টিতেও গুরুত্ব দেন তিনি।
সংলাপে বাংলাদেশে শিক্ষা খাতের বিনিয়োগ চিত্র এবং বাল্যবিবাহের সঙ্গে বিনিয়োগ বাড়ানোর সম্পর্ক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মতো মাধ্যমিক শিক্ষাকেও বাধ্যতামূলক করা হলে দেশ থেকে ‘ম্যাজিকের’ মতো বাল্যবিবাহ দূর করে ফেলা সম্ভব হবে।
নেদারল্যান্ডসের টেরে ডেস হোমস, আইন ও সালিশ কেন্দ্র (আসক), নারী ও শিশু লিড গ্লোবাল এবং ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি পরিচালক চন্দন জেড গোমেজ।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও অধ্যাপক সিদ্দিকুর রহমান বলেন, দেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন চাইলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াতেই হবে। কারণ এ দুটি খাতের বরাদ্দ অন্যান্য খাতকে উন্নয়ন করে।
একই বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক মেয়েদের শিক্ষায় ধরে রাখার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা শৌচাগার, যথাযথ আবাসন ব্যবস্থা, যাতায়াতের সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেন।
সংলাপের উন্মুক্ত পর্বে নারী নেত্রী মাশহুদা খাতুন মেয়েদের কারাতে শেখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কারাতে জানা মেয়েরা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করতে পারে। তাই কারাতে বিষয়টিকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
এই পর্বে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বাল্যবিবাহ বন্ধে শুধু মেয়ে নয়, ছেলেদের শিক্ষার বিষয়টিতেও গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান। তাঁরা বলেন, সুশিক্ষিত কোনো ব্যক্তি কখনোই অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করবেন না। বাল্যবিবাহ করেন সেসব পুরুষ, যাঁদের শিক্ষা কম এবং বেশি টাকা।
সংলাপে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু ফোরামের কয়েকজন শিশু সদস্য বক্তব্য দেয়। সায়মা আক্তার নামের এক মেয়েশিশু শিক্ষাসচিবের দৃষ্টি আকর্ষণ করে বলে, ‘আমরা মেয়েরা পড়তে চাই। আমাদের দিকে বেশি নজর দিন। আমরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেশ পরিচালনা করতে চাই।’