বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থী-অভিভাবক সম্মেলন
সাতক্ষীরায় বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বাড়াতে শিক্ষার্থী ও অভিভাবক সম্মেলন হয়েছে। ‘শিক্ষাই প্রথম, বাল্যবিয়েকে লালকার্ড’ স্লোগান নিয়ে সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পরিষদ এর আয়োজন করে।
সদর উপজেলার সীমান্তবর্তী শাঁখরা-কোমরপুর এ জি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ওই সম্মেলন হয়। এতে শাঁখরা-কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদ্মশাঁখরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোমরা খাদিজা কোবরা দাখিল মাদ্রাসার পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় এক হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। তাঁরা এ সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে বাল্যবিবাহকে ‘না’ বলার শপথ নেন। সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান এ শপথ পড়ান।
সম্মেলনে শাঁখরা-কোমরপুর এ জি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আম্বিয়া খাতুন বলে, ‘আমরা লেখাপড়া করব। ১৮ বছর বয়সের আগে বিয়ে করব না। ১৮ বছর বয়সের আগে বিয়ে দেওয়ার চেষ্টা করলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জানিয়ে দেব। প্রয়োজনে বন্ধুরা মিলে আন্দোলনে নামব।’
এ উপলক্ষে আলোচনা সভায় ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদী, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম প্রমুখ।