বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ‘জেন্ডার ক্লাবের’ উদ্যোগে বাল্যবিবাহ বন্ধে গতকাল এক সেমিনার অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফিরদৌস  আলী। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই সেমিনার  অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির ‘জেন্ডার ক্লাবের’ উদ্যোগে বাল্যবিবাহ বন্ধে গতকাল এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফিরদৌস আলী। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয় l ছবি: প্রথম আলো

বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধি ও মেয়েদের স্বাবলম্বী হওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ‘জেন্ডার ক্লাব’।
এ ছাড়া বিয়ের বয়স না কমানোর আহ্বানও জানিয়েছে তারা। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সভায় বক্তারা এ আহ্বান জানান।
সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ফিরদৌস আলী বলেন, একটি ছেলের যেমন নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে, একই অধিকার একটি মেয়েরও আছে। বিয়ের বয়স কমিয়ে ১৬ বছর করলে অনেক মেয়েই সে সুযোগ হারাবে।
মেয়েরা ১৬ বছর বয়সে শারীরিক ও মানসিকভাবে বিয়ের জন্য তৈরি হয় না উল্লেখ করে তিনি বলেন, এত অল্প বয়সে বিয়ে দিলে মেয়েদের বাকি জীবন ভুগতে হবে। তিনি সবাইকে এর প্রতিবাদ করা ও সচেতনতা তৈরি করার আহ্বান জানান।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীমা আক্তার বলেন, বাল্যবিবাহে শীর্ষ দেশগুলোর মধ্যে নাইজেরিয়ার পরেই বাংলাদেশের অবস্থান। ফলে বাল্যবিবাহ রোধে আরও সচেতনতার প্রয়োজনীয়তা রয়েছে।
সভায় উপস্থিত সবাইকে উদ্দেশ করে তিনি প্রশ্ন করেন, ‘সদ্য শৈশব উত্তীর্ণ একজন মানুষ কীভাবে আরেকটি শিশুকে জন্ম দেওয়ার দায়িত্ব নেবে?’
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী তাসফিয়া তানজীম বলেন, শিক্ষার নিম্নহার, অসচেতনতা ও আইন প্রয়োগে ব্যর্থতার কারণে বাংলাদেশে বাল্যবিবাহের হার বেশি। আর ১৮ বছর বয়সী বিবাহিত নারীদের ৮৬ শতাংশই শিক্ষাবঞ্চিত। তিনি বলেন, ১৬ বছর বয়সে বিয়ে হলে এ অবস্থার আরও অবনতি হবে।
সভায় আরও বক্তব্য দেন সোশিওলজি ও জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষক জোবায়রা বিশ্বাস। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রুহুল আমিন, সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন মালেকা বেগম ও বিভিন্ন বিভাগের শিক্ষক, সব বিভাগের শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মীরা। অনুষ্ঠান শেষে বাল্যবিবাহ নিয়ে দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।