
অষ্টম শ্রেণির ছাত্রী রহিমা খাতুনের গায়ে হলুদ মাখানো চলছে। বিয়ের গীতের আসর বসেছে। চলছে রান্নাবান্নাও। বর আসবে। এমন সময় খবর পেয়ে ওই বাড়িতে ছুটে যান ‘রোকেয়া ব্রিগেড’-এর সদস্যরা। বন্ধ হয় বাল্যবিবাহ।
বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে ২৩ বছর আগের ঘটনা এটি। সময়টা ১৯৯২ সালের এপ্রিল মাস। ওই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাসে সেখানে অন্তত ২০টি বাল্যবিবাহ হয়েছিল। এতে এলাকার সচেতন ব্যক্তিরা উদ্বিগ্ন হন। বাল্যবিবাহ প্রতিরোধে মার্চ মাসেই গঠন করা হয় ‘রোকেয়া ব্রিগেড’। এই ব্রিগেডের সদস্য ১৪ জন।
’৯২ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি দুই মাসে একটার পর একটা বাল্যবিবাহের ঘটনা দেখে মার্চ মাসেই যুবকেরা বৈঠকে বসলেন পায়রাবন্দের খোর্দ মুরাদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। দীর্ঘ আলাপ-আলোচনার পর রোকেয়া ব্রিগেড গঠিত হয়। এর কোনো কমিটি থাকবে না, গঠনতন্ত্র প্রয়োজন নেই, দরকার নেই অফিস ঘরের। শুধু কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য যুবকেরা স্কুলের মাঠে কিংবা বাজারের চায়ের দোকানে মাঝেমধ্যে মিলিত হবেন। প্রত্যেক যুবকের জন্য কর্ম এলাকা ভাগ করে দেওয়া হয়। নিজ নিজ এলাকায় যেন একটিও বাল্যবিবাহ না হয়, সেদিকে কড়া নজর রাখবেন তাঁরা। বাল্যবিবাহের কুফল সম্পর্কে মা-বাবাকে বোঝাবেন।
এ কাজে টুকিটাকি খরচ চালানোর জন্য তাৎক্ষণিক একটি তহবিল গঠিত হয়। কেউ দেন নগদ টাকা, কেউ দেন আধা মণ থেকে এক মণ ধান। ব্রিগেড পরিচালনার দায়িত্ব পান রাজু আহমেদ ও জাহাঙ্গীর। অন্য সদস্যরা হলেন নূরুল ইসলাম, ফয়জার রহমান, রফিকুল ইসলাম, মকসুদার রহমান, মোতাব্বের, মকবুল, তাজুল, শাহীন, মজনু, হারুন, আনিসুর। পর্যবেক্ষক হিসেবে থাকেন আইনজীবী নিকুঞ্জ চন্দ্র বর্মণ।
রোকেয়া ব্রিগেডের মূল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রাজু আহমেদ বললেন, ‘সেদিন স্কুল মাঠে দাঁড়িয়ে সবাই হাতের ওপর হাত রেখে শপথ নিই—আমরা আমাদের নিজ নিজ কর্ম এলাকায় আর একটিও বাল্যবিবাহ হতে দেব না।’
কদম কদম এগিয়ে চলা
বাড়ি বাড়ি উঠান বৈঠক শুরু করলেন রোকেয়া ব্রিগেডের কর্মীরা। অসহায় গরিব মানুষদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝাতে লাগলেন। অনেকের পড়াশোনারও দায়িত্ব কাঁধে তুলে নেন তাঁরা। গ্রামে বেশ সাড়া পড়ল। তবে বাল্যবিবাহের আয়োজন থেমে যায়নি। চুপিচুপি চলছিল। আর খবর পেলে ছুটে যাচ্ছিলেন ব্রিগেড সদস্যরা। সঙ্গে নেন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের।
রোকেয়া ব্রিগেডের অন্যতম সদস্য রফিকুল ইসলাম এখনো বাল্যবিবাহ বন্ধে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। তিনি বলেন, নানা কারণে পায়রাবন্দে এসব বাল্যবিবাহের ঘটনা ঘটে। কোনো মা-বাবা ছেলে বা মেয়ের বিয়ে দেন নিতান্তই শখের বশে, কেউবা বিয়ে দিয়েছেন মৃত্যুর আগে বউমা কিংবা জামাই বাবাজির মুখ দর্শন করে যাওয়ার জন্য। অল্প বয়সে বিয়ে হলে অল্প যৌতুকে মেয়ে বিদায় করা যাবে—এ ধরনের মানসিকতাও কারও কারও বেলায় কাজ করেছে। তবে মূল কথা হলো মা-বাবার অসচেতনতা।
সরেজমিনে মুরাদপুর
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, খোর্দ মুরাদপুর এলাকার বিউটি বেগমের বাড়ির উঠানে বাল্যবিবাহ প্রতিরোধের বৈঠক চলছে। কিশোর-কিশোরী, গৃহিণী, দরিদ্র পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত। রোকেয়া ব্রিগেডের কয়েকজন সদস্য সচেতনতামূলক কথা বললেন। তাঁদের কথা মনোযোগ দিয়ে শুনলেন সবাই।
এ সময় এখানে কথা হলো গৃহিণী আমেনা বেগমের সঙ্গে। তিনি বললেন, ‘আমার ঘরেও মেয়ে আছে। উপযুক্ত বয়স না হলে বিয়া দেব না।’ অষ্টম শ্রেণির শিক্ষার্থী তহমিনা খাতুন বলে, ‘আমি পড়াশোনা করব। অল্প বয়সে বিয়া করব না। বাবা-মাকেও বোঝাব।’ নবম শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানও তহমিনার সুরে একই কথা বলল।
ব্রিগেড সদস্য ফয়জার রহমান বলেন, ‘আমরা আমাদের কাজ নিয়মিত করেছি। আমাদের স্বপ্ন ছিল বাল্যবিবাহের হাত থেকে এই এলাকা মুক্ত করব। আমাদের কথা এলাকার মানুষজন বুঝতে পেরেছেন। স্থানীয় জনগণই এখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বাল্যবিবাহ দূর হয়েছে।’
রহিমা খাতুনের বাল্যবিবাহ বন্ধ হওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলেন মেয়ের মা আরেফা খাতুন। তাঁকে আশ্বস্ত করা হলো। ব্রিগেড সদস্যরা নিজেদের কাঁধে তুলে নিলেন মেয়ের দায়িত্ব। রহিমাকে তাঁরা পড়াশোনা করালেন। ’৯৬ সালে এসএসসি ও ’৯৮ সালে পায়রাবন্দ ডিগ্রি মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেন রহিমা। একই গ্রামের আফজাল হোসেনের ছেলে স্নাতকোত্তর পাস করা আকমল হোসেনের সঙ্গে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। তাঁরা দুজনই এখন চাকরি করেন।
সেই ’৯২ সালে আরেফা রোকেয়া ব্রিগেডের সদস্যদের বাধায় তাঁর মেয়ে রহিমাকে বাল্যবিবাহ দিতে পারেননি। সেই দিনের কথা মনে করে দীর্ঘ ২৩ বছর পর আরেফা বললেন, ‘না বুঝেই শিশু বয়সোত মাইয়টার বিয়া দিবার গেছনো। ভাইরা (রোকেয়া ব্রিগেড) ওই সময় এই বিয়া বন্ধ করিয়া ভালোই করছেন। মাইয়াটা পড়াশোনা করছে। একটা ভালো শিক্ষিত ছেলে দিয়া বিয়াও দেছে।’
খোর্দ মুরাদপুর এলাকার কৃষক আবেদ আলীর অভাবের সংসার। একটিমাত্র মেয়ে। নাম নাসরিন। সপ্তম শ্রেণিতে পড়ে। বয়স ১২-১৩ বছর। ’৯২ সালের ডিসেম্বর মাসে চুপিচুপি বিয়ের আয়োজন করা হলেও ছুটে যান ব্রিগেড সদস্যরা। বন্ধ হয় বাল্যবিবাহ।
মেয়েটি এসএসসি পাস করেছে। ১৮ বছর বয়স হওয়ার পর বিয়ে হয়েছে। রোকেয়া ব্রিগেডের সদস্যদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন নাসরিনের মা রমিছা বেগম।
বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে অনেক পরিবার নিজেদের উদ্যোগেই তাদের মেয়েদের বাল্যবিবাহ দেয়নি। বেগম রোকেয়ার ভাতিজি রঞ্জিনা সাবেরও তাঁর মেয়েকে এমএ পাস করিয়ে পরে বিয়ে দিয়েছেন। রঞ্জিনা বলেন, একসময় বাল্যবিবাহের জন্য পায়রাবন্দের দুর্নাম ছিল। এখন আর সেই অবস্থা নেই। সবকিছু পাল্টে গেছে। তবে এর জন্য রোকেয়া ব্রিগেডের ভূমিকাই সবচেয়ে বড়। বাল্যবিবাহ বন্ধে এই সামাজিক আন্দোলন শুধু খোর্দ মুরাদপুরে নয়, আশপাশের কয়েকটি গ্রামেও ছড়িয়ে পড়েছে।
রোকেয়া ব্রিগেডের সদস্যদের পেশা মূলত কৃষি। কারও ছোটখাটো ব্যবসা রয়েছে। এঁদের সবার বয়সই এখন পঞ্চাশের ওপর। তাঁরা এখন এই সামাজিক আন্দোলনে এলাকার যুবকদের উদ্বুদ্ধ করছেন, যুক্ত করছেন।
’৯২ সালে পায়রাবন্দের খোর্দ মুরাদপুরসহ পুরো ইউনিয়নে বাল্যবিবাহের হার ছিল ৯৬ শতাংশের ওপর। বর্তমানে তা কমে এসে দাঁড়িয়েছে ৫ শতাংশে। এখনো ১৫ থেকে ১৬ বছর বয়সে কাউকে কাউকে বিয়ে দেওয়া হচ্ছে। তবে শিশু বয়সে বিয়ে পুরোদমে বন্ধ হয়েছে।
পায়রাবন্দে বাল্যবিবাহ রোধে ‘নিজেরা করি’ ও ‘ব্র্যাক’—এ দুটি বেসরকারি উন্নয়ন সংস্থাও কাজ করছে। তাদের হিসাব অনুযায়ী, এখন মাত্র ৬-৭ শতাংশ বাল্যবিবাহ আছে।
পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাল্যবিবাহ রোধে রোকেয়া ব্রিগেডের অল্প কয়েকজন মানুষের অবদানের কথাই পুনর্ব্যক্ত করলেন। একসময় বাল্যবিবাহের জন্য বদনাম ছিল পায়রাবন্দের। এই বদনাম ঘুচিয়েছে বাল্যবিবাহ বন্ধের সামাজিক মডেল রোকেয়া ব্রিগেড।