বাল্যবিবাহ বন্ধের গল্প নিয়ে স্পেনে জলঢাকার শিরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরিন আক্তার
শিরিন আক্তার

জীবনে প্রথম ঢাকা শহরে এল মেয়েটি। বড় বড় দালান, গাড়ি, রাস্তার ঝলমলে বাতি দেখেই অবাক। এই মেয়েটিকে যেতে হবে স্পেনে। গেল এবং সেখানে গিয়ে শোনাল নিজের বাল্যবিবাহ প্রতিরোধের গল্প। 
মেয়েটির নাম শিরিন আক্তার। বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। বেসরকারি সংগঠন প্ল্যান ইন্টারন্যাশনাল, বাংলাদেশের শিশুদলের সদস্য হিসেবে তার স্পেন যাওয়া। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে সেখানে প্ল্যান ইন্টারন্যাশনাল, স্পেন আয়োজন করেছিল কংগ্রেসের। তাতে অংশ নেয় প্ল্যান ইন্টারন্যাশনালের বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
গত ৬ অক্টোবর স্পেনের উদ্দেশে ঢাকা ছাড়ে শিরিন। কংগ্রেসের প্রথম দিনে বক্তব্যপর্ব শুরুই হয়েছিল শিরিনের বক্তব্যের মধ্য দিয়ে। তিনটি অধিবেশনে অংশ নেয় সে। পাশাপাশি স্পেনের সাতজন সাংসদকে ও টেলিভিশনেও বাংলায় নিজের কাহিনি শোনায়। স্পেন থেকে ঢাকায় ফেরে ১৩ অক্টোবর সকালে।
এখন দশম শ্রেণির ছাত্রী শিরিন। অথচ ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ই বাবা-মা বিয়ে ঠিক করেছিলেন ফুফাতো ভাইয়ের সঙ্গে। দুই বছরের চেষ্টায় পরিবারের সিদ্ধান্ত বদলে নিজের সেই বিয়ে আটকাতে সক্ষম হয় সে। এরপর প্ল্যানের শিশুদলের সাহায্যে এ পর্যন্ত বন্ধ করেছে ১০টি বাল্যবিবাহ। এখন সে স্বপ্ন দেখে প্রকৌশলী হওয়ার।
শিরিনের সঙ্গে কথা হয় ১৩ অক্টোবর রাতে প্রথম আলো কার্যালয়ে। বিদেশে কয়েক দিন অনুষ্ঠানের ধকল, ভ্রমণজনিত ক্লান্তির কোনো ছাপ ছিল না তার চোখে-মুখে। বলল, ‘চার বছর আগে বিয়ে করলে স্পেন তো দূরে থাক, ঢাকা শহরেই আসতে পারতাম না। হয়তো বাচ্চার মা-ও হয়ে যেতাম।’
শিরিনের বাবা মইনুল ইসলাম দরিদ্র কৃষক, অসুস্থ। তারা চার বোন ও তিন ভাই। বড় বোনের এসএসসি পরীক্ষা দেওয়া হয়নি। চার বছর আগে বাবা-মা ওই বোনের বিয়ে দিতে চেয়েছিলেন ফুফাতো ভাইয়ের সঙ্গে। ওই ফুফাতো ভাই মাদ্রাসায় পড়েছেন। ছেলে ভালো, যৌতুকও লাগবে না। তবে ছেলের পরিবারের পছন্দ শিরিনকে। পরে বাবা-মা শিরিনের সঙ্গেই বিয়ে ঠিক করে ফেলেন। শিরিন তো কিছুতেই বিয়ে করবে না। সে নিজের মতামত প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করে। প্রায় দুই বছরের চেষ্টায় সফল হয় সে।
সে সময়ের স্মৃতি মনে করে শিরিন বলে, ‘আপা জানেন না তো, ওই দুই বছর আমি কেমনে পার করছি। পড়াশোনায়ও মন দিতে পারতাম না।’ সে জানায়, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় বন্ধুদের কথায় আগ্রহী হয়ে প্ল্যান ইন্টারন্যাশনালের শিশুদলে যোগ দিয়েছিল। সেখানে ঢুকেই বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানতে পারে। শিশুদলের সদস্য হিসেবে শেখা কথাগুলো দিয়েই সে বাবা, মাকে বোঝানোর চেষ্টা করে। লাভ হয়নি। পরে সে সাহায্য নেয় তার শিশুদলের বন্ধুদের। তারা ৪০ জন। কিন্তু ছোটদের কথা কি বড়রা শোনে! একপর্যায়ে তার পাশে দাঁড়ান গ্রামের মুরব্বি, শিক্ষক এবং প্ল্যানের কর্মকর্তারা। বন্ধ হয় শিরিনের বাল্যবিবাহ।
শিরিন শিশুদলের সাহায্যে এ পর্যন্ত ১০টি বাল্যবিবাহ বন্ধ করতে পারলেও ব্যর্থ হয়েছে বান্ধবী মরিয়মের বিয়েটি আটকাতে। মরিয়মের আচরণেও সে খুব দুঃখ পেয়েছে। শিরিন জানায়, মরিয়ম বিয়ে করবে না জানিয়ে তাদের কিছু করার অনুরোধ জানালে তারা মিছিল করে মরিয়মের বাড়ি গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে শোনে, মরিয়ম বিয়েতে রাজি। ফলে তাদের আর কিছুই করার ছিল না। বিয়ের পর মরিয়মের পড়াশোনা বন্ধ হয়ে যায়। সে এখন এক সন্তানের মা। শিরিন বলে, ‘আমার দশাও মরিয়মের মতো হতে পারত।’
শিরিন জানায়, এলাকায় বাল্যবিবাহ বন্ধ করতে শিশুদল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যদেরও সহায়তা নেয়। তবে অনেক অভিভাবক তাদের তৎপরতায় বিয়ে বন্ধ করতে রাজি হলেও পরে গোপনে অন্য গ্রামে নিয়ে মেয়েকে বিয়ে দেন। অনেকে জন্মসনদে মেয়ের বয়স বাড়িয়ে দেখান। আইনে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর।
আলাপের শেষ পর্যায়ে কিশোরীসুলভ হাসি দিয়ে শিরিন বলে, ‘আমার চোখে অনেক স্বপ্ন। তখন বিয়ে হয়ে গেলে সব স্বপ্ন শেষ হয়ে যেত। কম বয়সে মা হলে শরীর-স্বাস্থ্যও ভালো থাকে না।’ কথাগুলো বলল সে দৃঢ়কণ্ঠে। যেমন দৃঢ়তায় প্রতিরোধ করেছে নিজের বাল্যবিবাহ, অব্যাহত রেখেছে পড়াশোনা, বাঁচিয়ে রেখেছে প্রকৌশলী হওয়ার স্বপ্ন।