বাল্যবিবাহ মেয়ের বাবা ও কাজির অর্থদণ্ড
বাগেরহাটে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার দায়ে মেয়ের বাবা এবং কাজিকে অর্থদণ্ড দিয়েছেন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার কচুয়া উপজেলার বিলকুল এলাকায় অভিযান চালিয়ে কাজি ও মেয়ের বাবাকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাজি আবু তৈয়ব এবং মেয়ের বাবা কচুয়া উপজেলার ফতেপুর গ্রামের মোজ্জাফর হোসেন।
বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাজিম উদ্দীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, বাল্যবিবাহ দেওয়া হচ্ছে—এমন খবর পেয়ে মঙ্গলবার কচুয়ার বিলকুল গ্রামের প্রয়াত আবদুল মনসুর নকিবের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়িতে গিয়ে জানা যায়, সোমবার আবদুল মনসুরের ছেলে নকিব পারভেজের সঙ্গে ফতেপুরের মোজ্জাফর হোসেনের অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে হয়ে গেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ পড়ানোর দায়ে কাজি আবু তৈয়বকে ৫০ হাজার টাকা এবং মেয়ের বাবাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।