বাল্যবিবাহ যৌতুক মাদকমুক্ত ঘোষণা
নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে ইউনিয়নের কুন্দপুকুর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত এক গণসমাবেশে বেলুন উড়িয়ে ওই ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী। বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, ল্যাম্ব আইএম পাওয়ার প্রকল্পের প্রতিনিধি এনামুল হক প্রমুখ।
ইউএনও মো. সাবেত আলী বলেন, এপ্রিল মাসে সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ লক্ষ্যে পর্যায়ক্রমে সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হচ্ছে।