বাল্যবিবাহ যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা
নীলফামারী সদরের চওড়াবড়গাছা ইউনিয়ন বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। সদর উপজেলাকে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত করার অংশ হিসেবে গতকাল রোববার চওড়াবড়গাছা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক সমাবেশে ওই ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীচাপ ও পলাশবাড়ি ইউনিয়ন বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই ঘোষণা দিয়ে সমাবেশে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এ সময় ইউএনও সাবেত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জেলা ভারপ্রাপ্ত মহিলাবিষয়ক কর্মকর্তা নূরন্নাহার শাহাজাদী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব, চওড়াবড়গাছা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক তাহমিন হক।