নীলফামারী সদর উপজেলাকে আগামী ১৮ মার্চের মধ্যে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে গতকাল শনিবার স্থানীয় শহীদ মিনার চত্বরে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়।
‘বাল্যবিবাহকে না বলি, শিক্ষায় জীবন গড়ি’ স্লোগানে অনুষ্ঠিত ওই সংলাপে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকবিরোধী সংশ্লিষ্ট জেলার সব দপ্তরপ্রধান, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী, ইমাম, নিকাহ্ রেজিস্ট্রার, সাংবাদিক, এনজিওকর্মীসহ সব শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সংলাপটি শুরু হয়। চলে বেলা তিনটা পর্যন্ত। সংলাপটি সঞ্চালনা করেন সাংবাদিক তাহমিন হক। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সিভিল সার্জন আবদুর রশীদ, চিকিৎসক মজিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, জলঢাকার ইউএনও হাসান হাবিব, জেলা রেজিস্ট্রার আবদুস সালাম প্রামাণিক প্রমুখ।
সংলাপে বক্তারা বলেন, এসব ব্যাধি দূর করতে রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
নীলফামারী সরকারি কলেজের মাস্টার্সের এক ছাত্রী বলেন, ‘আমার মহল্লার বেশির ভাগ মেয়ের অল্প বয়সে বিয়ে হয়েছে। আমার বয়স এখন ২৪, আমি আইবুড়ো হয়ে আছি। আমার বাবাকে লোকজন বলছে, তোমার ইবাদত হবে না। এখন যৌতুকের কারণে আমার বিয়ে হচ্ছে না।’ আলোচকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনারা যৌতুক নেননি।’
সমাপনী বক্তব্যে মো. জাকীর হোসেন বলেন, ‘২০১৪ সালের ৩১ মার্চ জেলার জলঢাকা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে, গত মাসে লালমনিরহাট জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে, আমরা কেন পারব না।’ তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সব ইউনিয়ন পরিষদে নিকাহ্ রেজিস্ট্রারদের কার্যালয় স্থাপন ও প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উত্ত্যক্তবিরোধী কমিটি গঠনের নির্দেশ দেন।