বাল্যবিবাহ-যৌতুকমুক্ত গ্রাম ঘোষণা
ভোলার সদর উপজেলার উত্তর দিঘলদী গ্রামকে বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিয়াকত আলী এ ঘোষণা দেন।এ উপলক্ষে স্থানীয় ফকিরবাড়ি মসজিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উত্তর দিঘলদী ইউনিয়নের বাসিন্দারা যেসব কারণে বাল্যবিবাহ ও যৌতুক নিয়ে বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, তা দূর করার অঙ্গীকার করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান। বক্তব্য দেন ইসলামী ফাউন্ডেশন ভোলার উপপরিচালক নূর মোহাম্মদ আলম, মাওলানা মশিউর রহমান প্রমুখ।বক্তারা জানান, ভোলায় বাল্যবিবাহ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। প্রতিবছর যে পরিমাণ বিয়ে হয়, এর শতকরা ৯৯ ভাগই বাল্যবিবাহ। এতে ছেলেমেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে; শিক্ষা না থাকায় যৌতুকের বিনিময়ে দেওয়া হচ্ছে বিয়ে। যৌতুকমুক্ত গ্রাম গড়তে হলে শতভাগ শিক্ষা নিশ্চিত করতে হবে।