বাল্যবিবাহ রুখে দাঁড়ানোর বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নান্দাইলের ঘাসফুলের সাত সাহসী কিশোরীকে গত ১০ নভেম্বর হোটেল সোনারগাঁওয়ে সংবর্ধনা দেয় প্রথম আলো
নান্দাইলের ঘাসফুলের সাত সাহসী কিশোরীকে গত ১০ নভেম্বর হোটেল সোনারগাঁওয়ে সংবর্ধনা দেয় প্রথম আলো

গত ২৮ অক্টোবর প্রথম আলোর শীর্ষ সংবাদের শিরোনাম ছিল ‘২৪ ঘণ্টায় আট বাল্যবিবাহ বন্ধ’। সেদিনের পত্রিকাটি নজরে এলে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে একটি রুল দেন। আদালত জানতে চান, কোনো এলাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে ওই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, বা তাঁদের কেন পদচ্যুত করা হবে না। প্রতিটি বাল্যবিবাহের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনারদের দায়ভার চিহ্নিত করার এই উদ্যোগ এক নতুন যুগের সূচনার আভাস দেয়। 


বছরজুড়েই বাল্যবিবাহের এই প্রাচীন সামাজিক প্রবণতার বিরুদ্ধে এ রকম রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ চোখে পড়েছে।
বাল্যবিবাহ বেশি হয় এ ধরনের দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ২০১৫ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ বলছে, ২০ থেকে ২৪ বছর বয়সী ৫২ শতাংশ নারীর ১৮ বছর পার হওয়ার আগেই বিয়ে হয়েছে। এই চিরায়ত প্রবণতার বিরুদ্ধে প্রতিরোধ এ বছর আরও স্পষ্ট আকার নিয়েছে।

সরকারের প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং কিশোরীরা একের পর এক এগিয়ে এসেছে বাল্যবিবাহ প্রতিরোধে। সম্প্রতি উচ্চ আদালতও বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় থেকেও জারি করা হয়েছে নির্দেশনা।

সারা দেশে প্রশাসনের সহায়তায় ২০১৫ সালের নভেম্বর মাস থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ২ হাজার ৫৮১ জন শিশুকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। এ তথ্য গত ৩১ মে জাতীয় সংসদে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

গত ১১ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালউদ্দীন আহমদ জানান, শুধু ঢাকা বিভাগে চলতি বছরের জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত ৮৮৫টি বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট ২০১৩ সাল থেকে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ শুরু করে। বিভাগীয় কমিশনারদের পাঠানো তথ্যের হিসাব রাখে এই ইউনিট। তাদের হিসাবে দেখা যাচ্ছে, ২০১৪ সালে বাল্যবিবাহ প্রতিরোধের ঘটনা ছিল ১৩ হাজার ৩৩৪টি। ২০১৫ সালে তা বেড়ে হয় ১৫ হাজার ৭৭৫টি। অবশ্য ২০১৬ সালে বাল্যবিবাহ প্রতিরোধের ঘটনা কমে আসে, ৬ হাজার ৩৮৯টি। এ বিষয়ে এ ইউনিটের ব্যাখ্যা হচ্ছে, আগে বাল্যবিবাহের ঘটনা বেশি ঘটত, তাই প্রতিরোধের সংখ্যাও বেশি ছিল। কিন্তু এখন বাল্যবিবাহের ঘটনাই ঘটে কম।
এ ইউনিটের কাছ থেকে এ বছরের হিসাব এখনো পাওয়া যায়নি।

বাল্যবিবাহ নিরোধ আইন
দীর্ঘদিন আলোচনা-সমালোচনার পর চলতি বছরেই আলোর মুখ দেখে বাল্যবিবাহ নিরোধ আইন। আইনে অপ্রাপ্তবয়স্ক পুরুষ (২১ বছর পূর্ণ না হওয়া) এবং নারীর (১৮ বছর পূর্ণ না হওয়া) বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। ওই আইনের ১৯ ধারায় ব্যতিক্রম হিসেবে কোনো বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় অপ্রাপ্তবয়স্কদের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশ এবং পিতা-মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে বাল্যবিবাহের জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। সম্প্রতি এ বিশেষ ধারার অপপ্রয়োগের বিষয়টিও আদালতের নজর এড়ায়নি।
সম্প্রতি সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক সার্কুলারে বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান যথাযথভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

পথে এগোনো
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট ভিন্নভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ শুরু করেছে। এ ইউনিট বলছে, বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়ে পাকিস্তান বা ইন্দোনেশিয়ার চেয়ে বাংলাদেশের মানুষ জানে বেশি। তারপরও মা-বাবারা অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিচ্ছেন।

এ ইউনিট তাই ভিন্নপথে এগোনোর চেষ্টা করেছে। তারা মনোনিবেশ করেছে বিয়ে যাঁরা পড়ান, তাঁদের দিকে। বাংলাদেশে ধর্মীয় প্রথা অনুসারে বিয়ে পড়ান এ ধরনের ৭২ হাজার ব্যক্তির তথ্য সংগ্রহ করেছে এই ইউনিট। এঁদের সচেতন করা এবং প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কাজি বিয়ে না পড়ালে কোনোভাবেই বাল্যবিবাহের ঘটনা ঘটবে না।

সামাজিক উদ্যোগ
১৯৯২ সালে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দের খোর্দ মুরাদপুরসহ পুরো ইউনিয়নে বাল্যবিবাহের হার ছিল ৯৬ শতাংশের ওপর। বর্তমানে তা কমে এসে দাঁড়িয়েছে ৫ শতাংশে। এর পেছনে কাজ করছে ১৯৯২ সালে এলাকার যুবকদের গঠন করা ‘রোকেয়া ব্রিগেড’। এই ব্রিগেড এখনো বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে।
ময়মনসিংহের নান্দাইলের অষ্টম ও নবম শ্রেণির সাত ছাত্রী বাল্যবিবাহ প্রতিরোধে গত বছর গড়ে তুলেছে ‘ঘাসফুল’ সংগঠন। এ বছরও এই সংগঠন তৎপর ছিল।

বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের সাজেদা আক্তারের প্রচেষ্টায় এলাকার ১০৭টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। সাজেদা আক্তার চলতি বছর ‘ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ’-এর জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে। এই পুরস্কার শিশুদের নোবেল হিসেবে খ্যাত। ২০১৩ সালে এই পুরস্কার পেয়েছিলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই।

গত বছর ঝালকাঠির কিশোরী শারমিন আক্তার বান্ধবীর সহায়তায় মায়ের বিরুদ্ধে মামলা করে নিজের বাল্যবিবাহ বন্ধ করেছিল। চলতি বছর সে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ ২০১৭ ’ পুরস্কার পেয়েছে।

প্রশাসনের উদ্যোগ
বাল্যবিবাহ প্রতিরোধে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা, কারাগারে পাঠানোসহ নানা রকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। গত ৪ অক্টোবর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন চলছিল। প্রশাসনের গাড়ির আলো দেখেই পালাতে শুরু করলেন বর ও বরযাত্রীরা। থেমে যায় বিয়ের সব আয়োজন।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন বন্ধ করেন এই বাল্যবিবাহ। ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন মেয়ের বাবা। দেশের বিভিন্ন এলাকায় স্থানীয় প্রশাসন এভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করে চলেছে।

বাল্যবিবাহ নিরোধ আইনের বিধিমালা চূড়ান্ত হওয়ার পথে। সংশ্লিষ্টরা বলছে, বিধিমালা তৈরি হলে বাল্যবিবাহ প্রতিরোধে তা কার্যকরী ভূমিকা রাখবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম প্রথম আলোকে বলেন, সরকার শুধু বাল্যবিবাহ নিরোধ আইন করেই বসে থাকেনি, কিশোর-কিশোরীদের ক্লাব পরিচালনা, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সিলেট বিভাগসহ বিভিন্ন জেলা ও উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। সরকার এ ব্যাপারে আন্তরিক বলেই