বাল্যবিবাহ রোধ করবে সামাজিক সচেতনতা
রাজবাড়ীর গোয়ালন্দ ও মেহেরপুরের গাংনীতে গতকাল মঙ্গলবার বাল্যবিবাহ প্রতিরোধ-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রোধ করতে দরকার সবার সচেতনতা।
গোয়ালন্দ পৌরসভা মিলনায়তনে প্রেসক্লাব আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। সভায় গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি গণেশ পাল সভাপতিত্ব করেন। বক্তারা বলেন, সম্প্রতি অনুষ্ঠিত অষ্টম শ্রেণির বোর্ড (জেএসসি ও জেডিসি) পরীক্ষায় গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৩৪ জন কিশোরী ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি। তাদের মধ্যে অধিকাংশ কিশোরী বাল্যবিবাহের শিকার হয়েছে।
বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা যদি শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল, ইভ টিজিং সম্পর্কে সচেতন করেন, তাহলে সমস্যাগুলো অনেকটা রোধ করা যাবে।
সাংসদ কাজী কেরামত আলী বলেন, বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ ঘোষ, উপজেলা চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম প্রমুখ।
গাংনী উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে আয়োজিত এ মতবিনিময় সভায় শিক্ষক, ইমাম, ঘটক, কাজি, জনপ্রতিনিধিসহ আট শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা সবাই মিলে বাল্যবিবাহকে ‘না’ বলেন। এ সভার প্রতিপাদ্য ছিল, ‘বাল্যবিবাহ রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি। প্রতিটি শিশুর জীবন হোক নিরাপদ ও উন্নত’। সভায় শেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় স্থানীয় পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন এতে সভাপতিত্ব করেন। সভায় জানানো হয়, ২০১৬ সালের ১ জানুয়ারিতে মেহেরপুর জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে।