বাল্যবিবাহ রোধে আলোচনা সভা
পাবনায় ‘বাল্যবিবাহ রোধে নিকাহ রেজিস্ট্রারদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পুলিশ লাইন এলাকার একটি রেস্টুরেন্টে গতকাল শনিবার বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি এই আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি পাবনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কে এম আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা খাতুন, জেলা রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ইব্রাহীম আলী।
গোলাম ফারুক বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাল্যবিবাহ রোধ করতে হবে। যেখানে বাল্যবিবাহর খবর পাওয়া যাবে, সেখানেই সবাইকে একযোগে ঝাঁপিয়ে পড়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, বাল্যবিবাহ একটি অভিশাপ। বাল্যবিবাহ রোধে প্রশাসন সব সময় সচেষ্ট রয়েছে। তাই যেখানেই বাল্যবিবাহের ঘটনা ঘটতে যাবে, তা প্রশাসনকে জানাতে হবে।
সভায় জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে ৮০ জন নিকাহ রেজিস্ট্র্রার অংশ নেন। তাঁরা বাল্যবিবাহ রোধে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন ও বাল্যবিবাহ রেজিস্ট্রেশন না করার শপথ নেন।