বাল্যবিবাহ রোধে বিলবোর্ডের মাধ্যমে সচেতনতা সৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ নিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খুলনা নগর ও জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে শিগগিরই বিলবোর্ড স্থাপন করা হবে।

গতকাল সোমবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত হয়। এসব বিলবোর্ডে বিয়ের ক্ষেত্রে বয়স পরিবর্তনের হলফনামা যে গ্রহণযোগ্য হবে না, সে বিষয়ে জোর দেওয়া হবে। সভায় থ্রি-হুইলার মোটরযান আইন অনুযায়ী ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়। এ ছাড়া চালকের পাশে কোনো যাত্রী বসানো যাবে না।

সভায় জানানো হয়, নগরের থানা ও জেলার উপজেলাভিত্তিক মসজিদের ইমামদের জীবনবৃত্তান্ত সংরক্ষণ করে ধারাবাহিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন অব্যাহত থাকবে। 

আইনশৃঙ্খলা প্রতিবেদনে জানানো হয়, খুলনা মহানগর ও জেলার ১৭টি থানায় গত সেপ্টেম্বর মাসে ১০টি খুন, চারটি ধর্ষণ, ২৪টি নারী ও শিশু নির্যাতন ও ৮৭টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ২৭৩টি মামলা হয়েছে। আগস্টে এই সংখ্যা ছিল ৩১০।