বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিনজ বলেছেন, শিশুদের স্কুলে পাঠানোর জন্য সরকার ও সংসদের যে নীতিমালা আছে, তা প্রশংসনীয়। তিনি এই নীতিমালা সমর্থন করেন। শিক্ষার গুণগত মানের উন্নয়ন হলে বাল্যবিবাহ অনেকাংশে রোধ করা যাবে।
‘বাল্যবিবাহ রোধ এবং জন্ম ও বিবাহ নিবন্ধন কার্যক্রমে তৃণমূল পর্যায়ের সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় রাষ্ট্রদূত এ কথা বলেন। সদর উপজেলার বহুলি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের চত্বরে গতকাল শনিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে দ্রুত পরিবর্তন আসছে। কিছুদিনের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তবে কিছু কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিইউর উপদেষ্টা সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ হাবিবে মিল্লাত। স্বাগত বক্তব্য দেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন। এ সময় আইপিইউর প্রতিনিধি ব্রিজিট ফিলিয়ন, কুষ্টিয়ার মেহেরপুর আসনের সাংসদ ফরহাদ হোসেন, সুনামগঞ্জের সাংসদ ফজলুর রহমান, তাড়াশ-রায়গঞ্জ আসনের সাংসদ ম ম আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে কর্মশালায় বাল্যবিবাহ সম্পর্কে তথ্যচিত্র দেখানো হয়।
বিকেলে সদরের কালিয়াহরিপুর ইউনিয়নের কান্দাপাড়া হাট মাঠে সংগীতানুষ্ঠান হয়। বিশিষ্ট শিল্পী সাংসদ মমতাজসহ শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।