বাল্যবিবাহ রোধে মানিকগঞ্জে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ রোধ এবং সরকারিভাবে আইনি সহায়তা বিষয়ে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় স্কুলশিক্ষার্থীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার বায়রা উচ্চবিদ্যালয় ও বেসরকারি গবেষণামূলক সংস্থা বারসিকের যৌথ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সভাকক্ষে প্রধান শিক্ষক আবদুল আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ বেগম রওশন জাহান, বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল খালেক, রবীন্দ্রনাথ সরকার, প্রভাতী সরকার প্রমুখ।

বাল্যবিবাহকে সামাজিক, শারীরিক ও মানসিক ক্ষতির কারণ উল্লেখ করে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বেগম রওশন জাহান বলেন, দেশের মেধাশক্তিকে অঙ্কুরে বিনষ্ট করে দেয় বাল্যবিবাহ। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে কর্মজীবনে বিয়ে করার আহ্বান জানান তিনি। তিনি জানান, আইনি পরামর্শ, আইনি সহায়তা ও মীমাংসা সভা—এ তিন বিষয় নিয়ে লিগ্যাল এইড বিভাগ কাজ করছে। সেখানে বিনা খরচে এ সেবাগুলো দেওয়া হয়।