বাল্যবিবাহ রোধে লাখো কণ্ঠে শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করতে গতকাল বুধবার সকাল ১০টায় বিভিন্ন স্থানে একযোগে মানববন্ধন, শপথবাক্য পাঠ ও লিফলেট বিতরণ করা হয়। জেলার সাতটি উপজেলা ও ৮২টি ইউনিয়নে একই সময়ে এ কর্মসূচি পালিত হয়।
সব মানববন্ধনে একযোগে লাখো কণ্ঠে শপথবাক্য উচ্চারিত হয়। এতে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। জেলা প্রশাসকের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসক আবদুস সামাদ বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে। এ জন্য সচেতনতা তৈরির লক্ষ্যে এসব কর্মসূচি হাতে নেওয়া হয়। গতকাল ১ হাজার ৩৯৪টি স্থানে একযোগে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রায় ৪ লাখ ৮ হাজার ৯০০ মানুষ অংশ নেয়। ১৪ হাজার ২২০ জন স্বেচ্ছাসেবক কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করেন।
কেন্দ্রীয়ভাবে সকাল ১০টায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুস সামাদ, পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল আলম, জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুর রশিদ সরকার, পৌরসভার মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর, সদর উপজেলার ইউএনও আশরাফুল মমিন খান প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি নিরাময় করা খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক বাল্যবিবাহের মধ্য দিয়ে অপ্রাপ্ত বয়সে সন্তান জন্ম হচ্ছে। সন্তান জন্ম দিতে গিয়ে মাসহ নবজাতকের মৃত্যু ঘটছে। এসব ঘটনা দিনদিন বেড়েই চলেছে। তাই এখনই বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা বাল্যবিবাহ বন্ধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হাত তুলে শপথ নেন। জেলা প্রশাসক শপথবাক্য পাঠ করান। একই সময় শহরসহ জেলার বিভিন্ন স্থানে আয়োজিত মানববন্ধনে লাখো কণ্ঠে এ শপথবাক্য উচ্চারিত হয়। এ সময় বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ৫০ হাজার প্রচারপত্র বিতরণ করা হয়।