
ঝালকাঠির রাজাপুর উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার। গত বছর নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে আলোচনায় আসে এই কিশোরী। শারমিনের সাহসিকতার জন্য স্বর্ণকিশোরী ফাউন্ডেশন গত বছর তাকে স্বর্ণকিশোরী পুরস্কার দেয়। শারমিন বাংলাদেশ থেকে ‘বাল্যবিবাহ’ নামক শব্দটি মুছে ফেলার স্বপ্ন দেখছে।গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬’-এর খসড়া অনুমোদন করা হয়। খসড়ায় মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছরই রাখা হয়েছে। তবে বিশেষ ক্ষেত্রে যেকোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে এবং মা-বাবার সম্মতিতে বিয়ে হতে পারবে। এ বিষয়ে মন্তব্য জানার জন্যই শারমিনকে টেলিফোন করা হয়।
শারমিন আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলে, ‘সরকার আইনের খসড়ায় যে বিশেষ ধারা রাখছে, তা নিয়া এখন আমি কিছু বলতে পারব না। তবে আমি চাই বাল্যবিবাহ নামক কোনো শব্দ যাতে বাংলাদেশে না থাকে। বাল্যবিবাহ শব্দটি আর থাকবে না। আমি যে কষ্ট পাইছি তা যেন আর কোনো মেয়ে না পায়। কোনো মেয়েকে যাতে বাবা-মা জোর করে বিয়ে দিতে না পারে। কোনো অভিভাবক জোর করে মেয়ের বিয়ে দিতে চাইলে আমি প্রতিবাদ করব। কেমনে প্রতিবাদ করব তা ঠিক করি নাই, তবে প্রতিবাদ করবই।’
ঝালকাঠির রাজাপুর উপজেলার সত্যনগর গ্রামের কবির হোসেনের মেয়ে শারমিন। মা গোলেনূর বেগম। কবির হোসেন সৌদিপ্রবাসী হওয়ায় শারমিনকে নিয়ে তার মা গোলেনূর রাজাপুর শহরের থানা সড়কে ভাড়া বাড়িতে থাকতেন। মা শারমিনের বিয়ে ঠিক করেন প্রতিবেশী স্বপন খলিফার (৩২) সঙ্গে। শারমিন মায়ের এই সিদ্ধান্তে রাজি না হওয়ায় নানাভাবে চাপ প্রয়োগ করেন। এতেও টলেনি সে। পরে শুরু হয় শারীরিক নির্যাতন। এতেও রাজি না হওয়ায় একদিন ওই ছেলেকে (স্বপন) বাড়িতে এনে শারমিনকে তার মা বলে দেন, ‘এই ছেলে তোর স্বামী। ওর সঙ্গে তোর বিয়ে হয়েছে। এখন ওর সঙ্গে ঘরসংসার করতে হবে।’ তারপর চলতে থাকে নির্যাতনের নানান কাহিনি।
পরে বছরের ১৬ আগস্ট বন্দিদশা থেকে পালিয়ে শারমিন সহপাঠী নাদিরা আক্তারের বাড়িতে যায় এবং সব খুলে বলে। এরপর দুজনে মিলে স্থানীয় সাংবাদিকদের সহায়তায় সরাসরি ওই দিন রাতে রাজাপুর থানায় হাজির হয়। মা ও কথিত স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরে পুলিশ শারমিনের মা গোলেনূর বেগম ও কথিত স্বামী স্বপন খলিফাকে গ্রেপ্তার করে। আর তাকে ঝালকাঠির জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. শফিকুল করিম তার দাদি দেলোয়ারা বেগমের জিম্মায় দেন। এরপর থেকে সে দাদির কাছে থেকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম আলো আয়োজিত ‘পাঠক উত্সব: এসো আঠারোয়’ অনুষ্ঠানে যোগ দেবেন শারমিন আক্তার। শারমিনের কাহিনী প্রকাশিত হয়েছে প্রথম আলোর নারীমঞ্চ পাতায়। প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত ‘অধিনায়ক ও নায়কেরা’ নামের তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে তার কাহিনী। শারমিন আজ প্রথম আলোর পাঠকদের শোনাবেন সেই কথা।