ভিকারুননিসা নূন স্কুলে সিসিপিআরের আলোচনা
বাল্যবিবাহ স্তন ও জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি বাড়ায়
নারীদের ক্যানসারের ক্ষেত্রে এক নম্বরে আছে স্তন ক্যানসার। এরপরই জরায়ুমুখের ক্যানসার। আর এ দুটি ক্যানসারের ঝুঁকি বাড়ানোর পেছনে প্রধান দায়ী বাল্যবিবাহ। এ তথ্য জানার পর ভিকারুননিসা নূন স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা হাত উঁচিয়ে জানিয়ে দিল, তারা কম বয়সে বিয়ে করবে না, অন্যদের বাল্যবিয়েও ঠেকাবে।
গতকাল রোববার স্কুলটির ধানমন্ডি শাখায় বেলা তিনটায় শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীরা এ ঘোষণা দেয়। ক্যানসার বিশেষ করে স্তন ও জরায়ুমুখের ক্যানসার নিয়ে সচেতনতা তৈরির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংগঠন ক্যানসার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্র (সিসিপিআর)।
স্কুল ছুটি হবে বিকেল চারটায়। তার আগে চলে গুরুগম্ভীর বিষয়টিতে আলোচনা শোনার প্রস্তুতি। বিকেলের মিঠে রোদে স্কুলের ছোট আঙিনায় মাদুর বিছিয়ে বসে শিক্ষার্থীরা। পাশেই চেয়ারে বসেন শিক্ষকেরা। অন্য শ্রেণিতে পড়ুয়া খুদে শিক্ষার্থীরা উঁকিঝুঁকি দিতে থাকে।
শিক্ষার্থীদের বয়সের কথা বিবেচনা করে সহজ ভাষায় ক্যানসারের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন সিসিপিআরের উপদেষ্টা চিকিৎসক হাবিবুল্লাহ তালুকদার। তিনি ক্যানসারের ভয়াবহ চিত্র উল্লেখ করে বলেন, দেশে বছরে ১ লাখ ২২ হাজার মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হচ্ছে। এদের মধ্যে মারা যাচ্ছে ৯১ হাজার মানুষ। জরায়ুমুখের ক্যানসারে বছরে নতুন করে আক্রান্ত হচ্ছে ১২ হাজার, আর মারা যাচ্ছে ৬ হাজার নারী। স্তন ক্যানসার আছে এক নম্বরে। প্রাথমিক পর্যায়ে দ্রুত ক্যানসার শনাক্তকরণের বিষয়টিতে তিনি গুরুত্ব দেন।
শিক্ষার্থীদের কিছুটা অভয় দিতেই হাবিবুল্লাহ তালুকদার বলেন, কিশোরীরা স্তন-সম্পর্কিত যত অভিযোগ নিয়ে চিকিৎসকদের কাছে যায়, তার ৮৫ ভাগই ক্যানসার নয়। স্তনে চাকার মতো কিছু দেখা গেলেই ভয় পাওয়ার দরকার নেই। তবে সচেতন হতেই হবে। স্তন ক্যানসার বংশগত হওয়ায় মা, নানি বা খালার এ ক্যানসার হয়ে থাকলে হুঁশিয়ার থাকতেই হবে। জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে কিশোরীদের মাসিকের সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ঘন ঘন ও বেশি সন্তানের মা হওয়া যাবে না, ৩০ বছর বয়সের মধ্যে প্রথম সন্তানের মা হতে হবে, একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করা থেকে বিরত থাকতে হবে, স্তন ক্যানসার প্রতিরোধে নিজের স্তন নিজে পরীক্ষা করা, সন্তানকে বুকের দুধ খাওয়াতে হবে ইত্যাদি কথাগুলো শুনে শিক্ষার্থীদের অনেকেই খানিকটা লজ্জা পাচ্ছিল। তবে আলোচক হাবিবুল্লাহ তালুকদার এবং মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারের ১০০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ শামছুন নাহার লজ্জা পাওয়ার সুযোগটি দিচ্ছিলেন না।