বাল্যবিবাহ: একটি বন্ধ আরেকটি গোপনে সম্পন্ন
মেয়েটি (১৪) তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে বছর তিনেক আগে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। অভিভাবকেরা তার বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করলেও জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগে তা বন্ধ হয়েছে। কিন্তু নবম শ্রেণীর একটি ছাত্রীর (১৪) গোপনে বিয়ে হয়ে গেছে। দুটি ঘটনা গতকাল শুক্রবার মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নে ঘটেছে।স্থানীয়, পারিবারিক ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সদর জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামে মেয়েটির বাড়ি। সে স্থানীয় শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে। ভর্তি নিবন্ধন অনুযায়ী তার জন্ম ১৯৯৬ সালের ১১ অক্টোবর। সে হিসেবে মেয়েটির বয়স প্রায় ১৪ বছর। অভিভাবকেরা ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের এক ব্যবসায়ীর (৩০) সঙ্গে ওই মেয়েটির বিয়ের দিনক্ষণ ধার্য করেন। গতকাল বিয়েটি হওয়ার কথা ছিল। সূত্র জানায়, স্থানীয় কিছু যুবক গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমাকে বিষয়টি জানান। তাঁরা বাল্যবিবাহ বন্ধে স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মতছিন আলীকে উদ্যোগ নিতে বলেন।মতছিন আলী বিষয়টি নিশ্চিত করে গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার রাতে তিনি মেয়েটির বাড়িতে গিয়ে বাল্যবিবাহের কুফল এবং সরকার নির্ধারিত বিয়ের বয়সকালের বিষয়টি স্বজনদের কাছে তুলে ধরেন। একপর্যায়ে অভিভাবকেরা নিজেদের মধ্যে আলোচনা করে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না বলে প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে বরের অভিভাবকদেরও তাঁরা সিদ্ধান্তটি জানিয়ে দেন। ওই দিন রাতেই বাড়ির ফটকে তৈরি তোরণ অপসারণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় লোকজন জানায়, একই ইউনিয়নের মধ্য জাঙ্গিরাই গ্রামের মেয়েটি (১৪) স্থানীয় জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। গতকাল দুপুরে পাশের উত্তর জাঙ্গিরাই গ্রামের এক ছেলের (২০) সঙ্গে তার গোপনে বিয়ে হয়। এতে উভয় পরিবারের সম্মতি ছিল। স্থানীয় নিকাহ্ নিবন্ধক আবুল বারাকাত বিয়েটি নিবন্ধন করেন।মেয়েটির চাচা কবির উদ্দিন (৩৫) জাঙ্গিরাই দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেন। তিনি বিয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভাতিজির বয়স ১৮-২০ হবে।’ এর বেশি তিনি কিছু বলতে চাননি।একাধিকবার যোগাযোগের চেষ্টা করে আবুল বারাকাতের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম জানান, মেয়েটির বয়স ১৪ বছরের বেশি নয়। বাল্যবিবাহের বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।