
অষ্টম শ্রেণীতে পড়ার সময় পরিবারের অমতে মেয়ের বিয়ে দেন বাবা। যৌতুকের দাবি মেটাতে না পারায় ছয় মাসের মাথায় বিয়েটা যায় ভেঙে। বাবার বাড়ি ফিরে মেয়েটি পড়াশোনায় মন দেয়। একাগ্র সাধনার ফল পেয়েছে সে। এবার মাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।
নাম তার আরিফা খাতুন। বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোস্তফাপুর গ্রামে। বাবা আবদুল আলিম রিকশাভ্যান ও বাইসাইকেল সারাই করেন। মা আফরুজা বেগম খাটেন অন্যের বাড়িতে। আর ছোট বোনের পড়ার খরচ চালাতে একমাত্র ভাই আশরাফুল আলম নিজে পড়া বন্ধ করে দিয়ে রাজমিস্ত্রির কাজ নিয়েছেন।
আছির উদ্দিন চিশতি মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল আরিফা। শিক্ষাপ্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ বলেন, আরিফার জীবনের গল্প শুনে তাকে নবম শ্রেণীতে ভর্তি করা হয়। মেধাবী ছাত্রী হওয়ায় স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মেয়েটির পড়ার খরচ দিতেন। আরিফার ভাষ্য, ‘আগের জীবনে কী হয়েছে, সেটা নিয়ে বাঁচতে চাই না। লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে চাই।’ সে আরও বলে, ‘বিয়ের সময় বাবাকে বলছিলাম, যে টাকা বিয়ের পিছনে খরচ করবা, সেটা দিয়ে আমার পড়ার খরচ চালাও। লেখাপড়া শিখে একদিন বড় হয়ে তোমাদের সংসারের অভাব মিটাব।