বাল্যবিবাহকে এক লাখ লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে গতকাল একযোগে জেলার ২৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বাল্যবিবাহকে ‘না’ বলেন এবং লাল কার্ড প্রদর্শন করেন। ছবিটি সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণ থেকে তোলা l প্রথম আলো
সুনামগঞ্জে গতকাল একযোগে জেলার ২৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বাল্যবিবাহকে ‘না’ বলেন এবং লাল কার্ড প্রদর্শন করেন। ছবিটি সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণ থেকে তোলা l প্রথম আলো

সুনামগঞ্জ জেলাকে গতকাল সোমবার লাখো কণ্ঠে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। দুপুর ১২টা ২৫ মিনিটে সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদের সঙ্গে এই ঘোষণায় কণ্ঠ মেলান ১ লাখ ১৪ হাজার ৩২৩ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। জেলা প্রশাসন এ তথ্য জানিয়েছে। প্রশাসনের উদ্যোগে জেলার ২৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই অনুষ্ঠান হয়।
মূল অনুষ্ঠানটি হয় জেলা শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে। বিভাগীয় কমিশনারের ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে ‘না’ বলেন এবং টানা পাঁচ মিনিট লাল কার্ড প্রদর্শন করেন। কার্ডে স্লোগান লেখা ছিল ‘বাল্যবিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড’, ‘থাকলে শিশু বিদ্যালয়ে, হবে না বিয়ে বাল্যকালে, থাকলে শিশু লেখাপাড়ায়, সফল হবে জীবন গড়ায়’।
এর আগে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ। জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান। অনুষ্ঠানটি রেডিও সুনামগঞ্জ সরাসরি সম্প্রচার করে।
স্বাগত বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার বলেন, ‘১৯২৯ সালে বাল্যবিবাহ নিরোধ আইন হয়েছিল। আজ ৮৭ বছর পর আমরা সুনামগঞ্জকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করতে এক হয়েছি। আমাদের কিশোরীরা এখন দৃঢ়প্রত্যয়ী, সচেতন। তাদের সুন্দর আগামীর স্বপ্ন দেখাতে হবে। যে মেয়েটি তার মেধা ও সৃজনশীলতা দিয়ে অনেক দূর যেতে পারবে, তাকে অল্প বয়সে বিয়ে দেওয়া মানেই একটি স্বপ্নের মৃত্যু, এটা কোনোভাবেই করা যাবে না।’
শিক্ষার্থী ফারজানা আলী সূচি বলে, ‘এত বড় আয়োজন আমাদের সাহস জোগাবে, আমরা উজ্জীবিত। বাল্যবিবাহ ও নারী নির্যাতন
একটি বড় সামাজিক সমস্যা। এই সমস্যা দূর করতে আমরা যেমন সচেতন হব, তেমনি সবাইকে সচেতন হতে হবে।’
জেলা প্রশাসক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুসারে সুনামগঞ্জকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করতে আমরা এক বছর ধরে কাজ করেছি। জেলার ১ লাখ ১৪ হাজার ৩২৩ শিক্ষার্থীর সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও একসঙ্গে বাল্যবিবাহকে “না” বলে লাল কার্ড প্রদর্শন করেছে। এই অনন্য উদ্যোগটি বিশ্বরেকর্ডে অন্তর্ভুক্তির জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’
বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ বলেন, ‘সুনামগঞ্জ আজ ইতিহাসের অংশ হলো। এর আগে এত লোক একসঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নেয়নি। আজ থেকে সুনামগঞ্জ বাল্যবিবাহমুক্ত হলো। ঘরে ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে। সারা দেশে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে।’
জেলা প্রশাসক জানান, অনুষ্ঠানটি আয়োজনের ক্ষেত্রে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ কিছু নির্দেশনা দিয়েছিল। যেমন:Ñপ্রতিটি অনুষ্ঠানস্থলে দুজন গণনাকারী ও তদারককারী রাখা, অনুষ্ঠানের ভিডিও ও আলোকচিত্র ধারণ, স্থানীয় এক সুধীজনের প্রত্যয়নপত্র নেওয়া ইত্যাদি। জেলা প্রশাসক বলেন, ‘আমরা তাদের দেওয়া নির্দেশনা অনুসারে অনুষ্ঠান আয়োজন করেছি। এখন সব তথ্য-প্রমাণ তাদের কাছে পাঠানো হবে। আশা করি, এটা স্বীকৃতি পাবে।’