
বরিশাল নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত কিশোর-কিশোরীরা গতকাল বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে এর বিরুদ্ধে গণজাগরণ তৈরির শপথ নিয়েছে। সকালে নগরের অমৃতলাল দে মিলনায়তনে বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগে আয়োজিত ‘বাল্যবিয়ে প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান এবং যুব সমাবেশ’-এ এই শপথ নেয় কিশোর-কিশোরীরা।
সকাল সাড়ে নয়টায় নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিশোর-কিশোরী, অভিভাবক, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রধান ফারহানা হাফিজ ও ব্যবস্থাপক সারা খাতুনের সঞ্চালনায় সমাবেশে সাহসী তিন কিশোরী শোনায় তারা কীভাবে অন্যায় ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজেদের বাল্যবিবাহ ঠেকিয়েছিল সেই গল্প। নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে যুক্তরাষ্ট্রের ‘ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড’ পাওয়া ঝালকাঠির রাজাপুরের শারমিন আক্তার যখন তার সংগ্রামের গল্প শোনাচ্ছিল, তখন পুরো সমাবেশস্থলে ছিল পিনপতন নীরবতা।
শারমিন বলে, ‘আমি নিজের মায়ের বিরুদ্ধে মামলা করে আমার প্রতি তাঁদের অন্যায় সিদ্ধান্ত প্রতিরোধ করেছি। লড়াই করে আজ এত দূর এসেছি। সব কিশোরীকে এই লড়াইয়ের জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে।’ পটুয়াখালীর দশমিনা উপজেলার সাদিয়া আক্তার শোনায় সে কীভাবে অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় বাবার ইচ্ছার বিরুদ্ধে লড়াই করে নিজের বাল্যবিবাহ ঠেকিয়েছিল সেই গল্প। জনপ্রিয় অভিনেত্রী রিফাত রশিদ মিথিলা অনুষ্ঠানে বাল্যবিবাহের বিরুদ্ধে উদ্দীপনামূলক বক্তৃতা করেন। প্রধান অতিথি সাংসদ জেবুন্নেছা আফরোজ বলেন, ‘সাহসী কিশোরীদের সংগ্রামের গল্প শুনে আমি মুগ্ধ ও গর্বিত। আমাদের প্রত্যেক কিশোরীকে এভাবে একেকজন সাহসী শারমিন, মালালা হতে হবে।’
অনুষ্ঠানে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দৃষ্টান্ত স্থাপন করায় শারমিন আক্তারসহ আটজন সাহসী কিশোরীকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া অন্য কিশোরীরা হলো—পটুয়াখালীর দশমিনা উপজেলার স্কুলছাত্রী সাদিয়া আক্তার, বরগুনার বেতাগী উপজেলার ইতি আক্তার, আগৈলঝাড়া উপজেলার নীলিমা কর, ভোলার লালমোহন উপজেলার রেহেনা আক্তার, ঝালকাঠির নলছিটি উপজেলার পাখি আক্তার, ভোলা সদরের ফারজানা আক্তার ও ঝালকাঠি সদরের সামিয়া আক্তার। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাংসদ জেবুন্নেছা আফরোজ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম, জেলা প্রশাসক মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রমুখ।