বাল্যবিবাহকে ছাত্রীদের না

পটুয়াখালী শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা বাল্যবিবাহকে না ও এর বিরুদ্ধে গণজাগরণ তৈরির শপথ নিয়েছে। পটুয়াখালী সদর থানা-পুলিশের উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত উত্ত্যক্ত (ইভ টিজিং), বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও জঙ্গিবিরোধী সচেতনতাবিষয়ক সভায় উপস্থিত শিক্ষার্থীরা এই শপথ নিয়েছে।
পুলিশের পক্ষ থেকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোস্তাফিজুর রহমান বিদ্যালয়ের শিক্ষার্থীদের পথে চলতে উত্ত্যক্তের শিকার হলে করণীয় বিষয়ে এবং বাল্যবিবাহের কুফল তুলে ধরার পাশাপাশি মাদক ও জঙ্গিবাদের তৎপরতার ভয়াবহতা তুলে ধরে বক্তব্য দেন। এ ছাড়া সদর থানার উপপরিদর্শক রেহানা আকতার, রুনা লায়লা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিরসহ অন্য শিক্ষকেরা বক্তব্য দেন। এরপর উপস্থিত ছাত্রীরা বাল্যবিবাহকে না ও এর বিরুদ্ধে গণজাগরণ তৈরির শপথ নেয়।
খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশের পক্ষ থেকে পর্যায়ক্রমে সদর উপজেলার সব স্কুলে এ ধরনের সভার আয়োজন করে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতামূলক সভার আয়োজন অব্যাহত থাকবে।