বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবার দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের সিকেপি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে বাল্যবিবাহকে লাল কার্ড দেখায় শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো
বুধবার দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের সিকেপি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে বাল্যবিবাহকে লাল কার্ড দেখায় শিক্ষার্থীরা। ছবি: প্রথম আলো

‘না মানে না, বাল্যবিবাহকে না বলুন’ প্রতিপাদ্য সামনে রেখে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছে। আজ বুধবার দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের সিকেপি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এক সমাবেশে তারা এই লাল কার্ড দেখায়।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্টা শাখা সহযোগিতায় উপজেলা প্রশাসন বাল্যবিবাহের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সমাবেশটির আয়োজন করে। এতে বারহাট্টা সিকেপি পাইলট উচ্চবিদ্যালয়, বালিকা উচ্চবিদ্যালয়, হুজড়াবাড়ি উচ্চবিদ্যালয়, কিশোলয় উচ্চবিদ্যালয়, সালিপুড়া উচ্চবিদ্যালয় ও বারহাট্টা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অংশ নেয়।

সমাবেশে অনেকের মধ্যে হাত উঁচু করে বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন ও নবম শ্রেণির প্রিয়ন্তী পণ্ডিত। সাবিনা স্থানীয় হুজড়াবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। আর প্রিয়ন্তী বারহাট্টা বালিকা উচ্চবিদ্যালয়ে পড়ে। লাল কার্ড দেখানোর পর তাদের অনুভূতি হলো, নিজেকে তো বটেই, সমাজের আরও কিশোরীদের বাল্যবিবাহ ঠেকাতে এই লাল কার্ড তাদের জীবনে প্রেরণা হিসেবে কাজ করবে।

বুধবার দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিকেপি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে বাল্যবিবাহবিরোধী শপথবাক্য পাঠ করেন শিক্ষক ও অভিভাবকেরা। ছবি: প্রথম আলো
বুধবার দুপুরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিকেপি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে বাল্যবিবাহবিরোধী শপথবাক্য পাঠ করেন শিক্ষক ও অভিভাবকেরা। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. খালিদ হোসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বাল্যবিবাহবিরোধী শপথবাক্য পাঠ করান। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যমলেন্দু পাল, নারী প্রগতির জেলা ব্যবস্থাপক আলী আমজাদ খান, বারহাট্টা সিকেপি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু পাল প্রমুখ।

ইউএনও ফরিদা ইয়াসমিন বলেন, বাল্যবিবাহের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে। গত সাড়ে তিন মাসে বারহাট্টা উপজেলায় অন্তত ১৪টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এর মধ্যে দুজনের পড়াশোনার খরচ তিনি ব্যক্তিগতভাবে দিচ্ছেন। অর্থাভাবে ওই দুই কিশোরীর লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। চলতি বছরেই বারহাট্টা উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করতে পারবেন বলে তিনি আশাবাদী।