বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল সাড়ে তিন হাজার শিক্ষার্থী
সাড়ে তিন হাজার শিক্ষার্থীর সঙ্গে হাত উঁচু করে বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী চামেলী আক্তারও। চামেলী স্থানীয় শিমুলকান্দি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। লাল কার্ড দেখানোর পর তার অনুভূতি হলো, নিজেকে তো বটেই, সমাজের আরও কিশোরীদের বাল্যবিবাহ ঠেকাতে এই লাল কার্ড তার জীবনে প্রেরণা হিসেবে কাজ করবে।
গত রোববার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি উচ্চবিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অংশ নিয়ে চামেলী বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছে।
ওই সমাবেশে উপজেলার শিমুলকান্দি কলেজ এবং শিমুলকান্দি উচ্চবিদ্যালয়, শিমুলকান্দি ওয়ার্ড আদর্শ উচ্চবিদ্যালয়, গোছামারা তাহমিনা মুসলেউদ্দিন উচ্চবিদ্যালয়, ইমামের চর উচ্চবিদ্যালয়, কান্দিপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় ও শিমুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশ নেয়। একই অনুষ্ঠান থেকে শিমুলকান্দি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক আজিমুদ্দিন বিশ্বাস। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের বাল্যবিবাহবিরোধী শপথবাক্য পাঠ করান।