বাল্যবিবাহকে লাল কার্ড, সন্ধ্যা নদীতে নৌ শোভাযাত্রা

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে আজ মঙ্গলবার সকালে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল লতিফ ও স্থানীয় কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার সাইকেলে চড়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বাল্যবিবাহের কুফল সম্পর্কে প্রচারপত্র বিলি ও শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়ে শপথ পাঠ করার উদ্যোগ নেয়। ওই কর্মসূচির ধারাবাহিকতায় আজ সকালে সন্ধ্যা নদীতে নৌ শোভাযাত্রার আয়োজন করা হয়। এ সময় নৌপথে চলাচল করা যাত্রীদের হাতে ‘বাল্যবিবাহকে না বলি, আপনার সচেতনতাই পারে বাল্যবিবাহকে প্রতিরোধ করতে’ লেখা লাল কার্ড তুলে দেওয়া হয়। লাল কার্ড হাতে নিয়ে নৌ শোভাযাত্রায় অংশ নেওয়া নারী ও পুরুষেরা দুই ঘণ্টাব্যাপী সন্ধ্যা নদীর দুই তীর ভ্রমণ করেন। ব্যতিক্রমী এ উদ্যোগকে নদীর তীরের মানুষেরা হাত নেড়ে স্বাগত জানায়। পরে তাহমিনা আক্তার সাইকেলে চড়ে কাউখালী উত্তর বাজারের ব্যবসায়ীদের হাতে লাল কার্ড তুলে দেয় এবং বাল্যবিবাহের কুফল লেখা প্রচারপত্র বিতরণ করে।
বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি বলে মনে করে তাহমিনা আক্তার। তাহমিনার কথা, ‘অভিভাবকদের অসাবধানতার কারণে আমাদের দেশে অনেক মেয়েরা বাল্যবিবাহের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি জন্য আমি এ উদ্যোগ নিয়েছি। আমার কাজে পথ চলতে সহায়তা করেছেন শিক্ষানুরাগী আবদুল লতিফ।’
কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আবদুল লতিফ বলেন, ‘সাহসী তাহমিনার উদ্যোগের সহযোগী হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।’
কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান কবির বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সরকার ও উপজেলা প্রশাসন সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালাচ্ছে। ব্যক্তিগত উদ্যোগে বাল্যবিবাহের কুফল সম্পর্কে প্রচারপত্র বিতরণকে স্বাগত জানাই।