বাল্যবিবাহকে 'না' বললেন দুই হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গতকাল বৃহস্পতিবার প্রায় দুই হাজার মানুষ বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নিয়েছেন। এ সময় তাঁরা বাল্যবিবাহকে ‘না’ লেখা লাল কার্ড দেখান। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, কাজি ও মসজিদের ইমাম এতে অংশ নেন।
গতকাল দুপুরে ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠান হয়। সেখানে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এবং ভিক্ষুক মুক্তকরণ বিষয়ক আলোচনা সভা হয়। এতে একই সঙ্গে ঝিনাইগাতীকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল হাসান গণি। উপজেলা প্রশাসন ও জেলা তথ্য কার্যালয় এ সভার আয়োজন করে।
সভায় জেলা প্রশাসক উপস্থিত সবাইকে শপথবাক্য পড়ান। এ সময় তাঁরা বলেন, ‘মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ বছরের আগে বিয়ে দেব না, করব না, কাউকে বিয়ে করতে দেব না। কাউকে বাল্যবিবাহ দিতে গেলে বাধা দেব ও প্রশাসনকে জানাব। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করব। দেশ ও জাতির কল্যাণে কাজ করব, নিজেকে গড়ব, দেশের জন্য জীবন উৎসর্গ করব।’
ইউএনও এ জেড এম শরীফ হোসেন বলেন, এখন থেকে এ উপজেলায় কোনো বাল্যবিবাহ হবে না, যৌতুক লেনদেন হবে না। এ-সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া গেলে যাঁরা জড়িত থাকবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় এসপি মো. রফিকুল হাসান গণি ছাত্রীদের উদ্দেশ করে বলেন, ‘১৮ বছরের আগে তোমরা বিয়ের কথা চিন্তাও করবে না। লেখাপড়ার প্রতি মনোযোগী হও। নিজেদের যোগ্য করে তোলো। পরিবারের পক্ষ থেকে কেউ বাল্যবিবাহের জন্য চাপ দিলে জানাবে, আমরা ব্যবস্থা নেব।’
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ঝিনাইগাতী কার্যালয় এ আয়োজনে সহযোগিতা করে। সভায় আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদিকুর রহমান, আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, হাজি অছি-আমরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলছুম, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মো. আবুল খায়ের, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান প্রমুখ।