বাল্যবিবাহকে 'না' বলা ছাত্রীর শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি বাড়িতে থাকলে আমাকে এত দিনে বিয়ে দিত বাবা। তাই বিপদে পড়ে বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে মামার বাড়ি থেকে পড়াশোনা করছি। মামাও এখন আমাকে তাঁর বাড়িতে আর রাখতে চান না।’ কথাগুলো জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার জিয়াপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী লাভলী আক্তারের। বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার, জেএসসিতে মেধাবৃত্তি পাওয়া এ ছাত্রীর লেখাপড়া এখন বন্ধ হওয়ার পথে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, জিয়াপুর গ্রামের ভ্যানচালক বেলাল হোসেনের মেয়ে লাভলী আক্তার। ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর মা-বাবা তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকেন। বিদ্যালয়ে আসতে দিতেন না। নিরুপায় হয়ে সে শিক্ষকদের কাছে তার সমস্যার কথা জানায়। প্রধান শিক্ষক তাকে তার মামা আবদুল হাকিমের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন। সেখান থেকে লাভলী পড়াশোনা করছে। আবদুল হাকিম তিন-চারবার বিদ্যালয়ে এসে তাকে আর রাখতে পারবেন না বলে জানিয়ে গেছেন।
লাভলীর বাবা বেলাল হোসেন বলেন, ‘হামরা গরিব মানুষ ভ্যান-রিকশা চালায়। পড়াবার গেলে অনেক কেছু লাগে এত ট্যাকা কোটে পামু? আর বিয়া দিলে ঝামেলা শেষ। স্যারেরা জোর করে পড়াওচে পড়াক। হামাগেরে দুই বেলা খাবার জোটে না।’
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা বলেন, ‘নবম শ্রেণীতে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে লাভলীর রোল নম্বর ৩। খুব দুঃখকষ্টের মধ্যেও সে লেখাপড়া করছে। আমরা শিক্ষকেরা পাশে না থাকলে এত দিনে তার বিয়ে হয়ে যেত।’
প্রধান শিক্ষক রুহুল আনোয়ার জানান, লাভলী পড়াশোনায় ভালো। অনুষ্ঠান উপস্থাপনা ও বক্তৃতায়ও অসাধারণ। এখানে কোনো অনুষ্ঠান হলে সে উপস্থাপনা করে। লাভলীর বাবা কয়েকবার বিদ্যালয়ে এসে ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শিক্ষকদের বিরোধিতার কারণে বিয়ে দিতে পারেননি। খাওয়া ও থাকা ছাড়া সব খরচই বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়।