বাল্যবিবাহকে 'না' বলে শিক্ষার্থীদের শপথ
বরগুনার পাথরঘাটায় বাল্যবিবাহকে ‘না’ বলে নিজের নাম সই করে ও শপথ নিয়ে অঙ্গীকার করেছেন তিনটি বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্রছাত্রী ও স্থানীয় সুধীজনেরা।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় উপজেলা পরিষদ মাঠে বাল্যবিবাহ প্রতিরোধে এক ক্যাম্পেইনে ওই ছাত্রছাত্রীসহ শিক্ষক, কাজি, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা এই অঙ্গীকার করেন। বেসরকারি সংস্থা সুশীলন এই ক্যাম্পেইনের আয়োজন করে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ক্যাম্পেইনে বক্তব্য দেন বরগুনার জেলা প্রশাসক মুহা. বশিরুল আলম, পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকন, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, বরগুনার মহিলাবিষয়ক কর্মকর্তা মেহেরুননেছা মুন্নি, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক, পাথরঘাটার মহিলাবিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন আকন, পাথরঘাটা পৌরসভার কাউন্সিলর মুনিরা ইয়াসমিন, সুশীলনের ব্যবস্থাপক ইসমাইল হোসেন প্রমুখ।
১৪ বছর বয়সে বাল্যবিবাহের শিকার নিজলাঠিমারা গ্রামের নিলুফা ইয়াসমিন তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করে ক্যাম্পেইনে বলে, ‘আমাকে অপহরণ করে জোর করে বিবাহ করে একই গ্রামের জুয়েল নামের এক ছেলে। বছর ঘুরতে না-ঘুরতেই জুয়েলের সংসারে আমি তার সন্তানের মা হতে চলি। এ সময় আমার কোনো খোঁজখবর না নিয়ে ঢাকায় পালিয়ে যায় জুয়েল। অপরদিকে শ্বশুরবাড়িতে চলে সমানতালে নির্যাতন। পরে একপর্যায়ে জুয়েল আমাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে স্থানীয় কাকচিড়া লঞ্চঘাটে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সন্ধ্যা গড়িয়ে রাত হলে আমি ওই লঞ্চঘাটসংলগ্ন বিষখালী নদীতে ঝাঁপ দিই। এ অবস্থায় স্থানীয় লোকজন আমাকে অচেতন অবস্থায় নদী থেকে তুলে আনেন। এতে আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এভাবে আমার মতো আর কারও যেন বাল্যবিবাহ না হয়।’
পাথরঘাটার ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, পাথরঘাটা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাথরঘাটা কে এম মডেল মাধ্যমিক বিদ্যালয় ও আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক, কাজি, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা বাল্যবিবাহকে ‘না’ বলে অঙ্গীকার করেন। বরগুনা জেলা বাল্যবিবাহমুক্ত করতে পাথরঘাটায় এই ক্যাম্পেইন চলছে।
সুশীলনের ব্যবস্থাপক ইসমাইল হোসেন বলেন, ‘বাল্যবিবাহকে “না” বলে শিক্ষার্থীরা শপথ করে স্লোগান তোলে “জীবন আমার; সিদ্ধান্ত আমার, ১৮ আগে বিয়ে নয়; করব মোরা বিশ্ব জয়”। “আমরা বাল্যবিবাহকে “না” বলি; বাল্যবিবাহ যেখানে প্রতিরোধ করব সেখানেই” লেখা ব্যানারে দুই শতাধিক ছাত্রছাত্রীসহ স্থানীয় সুধীজনেরা নিজের নাম সই করে ও শপথ নিয়ে অঙ্গীকার করেন। এই ব্যানার উপজেলার প্রতিটি গ্রামে নিয়ে সচেতন যোদ্ধাদের সই নেব।’
বরগুনার জেলা প্রশাসক মুহা. বশিরুল আলম বলেন, বাল্যবিবাহমুক্তের শেষ প্রান্তে এসে বরগুনা জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও, বিদ্যালয়গামী শিক্ষার্থীদের অভিভাবকসহ সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ চলছে।