বাল্যবিবাহকে 'লাল কার্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর পলাশ উপজেলাবাসী ‘বাল্যবিবাহকে লাল কার্ড’ দেখিয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে গতকাল দুপুরে আয়োজিত অনুষ্ঠানের ছবি l  প্রথম আলো
নরসিংদীর পলাশ উপজেলাবাসী ‘বাল্যবিবাহকে লাল কার্ড’ দেখিয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে গতকাল দুপুরে আয়োজিত অনুষ্ঠানের ছবি l প্রথম আলো

বাল্যবিবাহকে লাল কার্ড দেখিয়েছে নরসিংদীর পলাশ উপজেলার শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বুধবার এক অনুষ্ঠানে লাল কার্ড প্রদর্শনীর এ আয়োজন করা হয়।
‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ স্লোগানে উপজেলা মিলনায়তনে বেলা ১১টার দিকে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুই পর্বের অনুষ্ঠানে প্রথমে আলোচনা সভা ও পরে লাল কার্ড প্রদর্শনীর কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাবেদ হোসেন উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিবাহ ও ইভ টিজিং বন্ধে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নিতে ইউএনওর প্রতি আহ্বান জানান। গৃহীত কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের কয়েক শ শিক্ষক-শিক্ষার্থী ‘বাল্যবিবাহকে লাল কার্ড’ ও ‘এসো ইভ টিজিং প্রতিরোধ করি’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে শপথ করেন। কর্মসূচিতে অংশ নেন ঘোড়াশাল পৌরসভার মেয়র মো. শরীফুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলম মোল্লা, নাসিমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার দাস, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রওশন আরা, ব্র্যাক কর্মকর্তা কাসফিনাজ প্রমুখ।