বাল্যবিবাহকে 'লাল কার্ড' সহস্রাধিক শিক্ষার্থীর
‘শিক্ষাই প্রথম, বাল্যবিবাহকে লাল কার্ড’ স্লোগান নিয়ে বাল্যবিবাহ না করার শপথ নিয়েছে সাতক্ষীরার এক হাজারের বেশি শিক্ষার্থী। গতকাল বুধবার সদর উপজেলার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ শপথ পাঠ করানো হয়। এ সময় শিক্ষার্থীরা হাত উঁচিয়ে বাল্যবিবাহকে লাল কার্ড দেখান।
সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনের সাংসদ মীর মোস্তাক আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আবদুল সাদী। তিনি বলেন, খুলনা বিভাগের মধ্যে সাতক্ষীরা দ্বিতীয় বাল্যবিবাহপ্রবণ জেলা। এর মধ্যে সদর উপজেলায় গত বছর ৪১২ জন মেয়ে বাল্যবিবাহের শিকার হয়। বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত ৫৫টি অভিযান পরিচালনা করে ৫৫টি বাল্যবিবাহ বন্ধ করে দিলেও পরে এর মধ্য থেকে ৫৩ জন মেয়ে বাল্যবিবাহের শিকার হয়। তারা আর বিদ্যালয়ে আসেনি। ঝাউডাঙ্গা ইউনিয়নের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে শিশুকিশোর নিয়ে ‘লাল কার্ড দল’ গঠন করা হয়েছে।