বাল্যবিবাহমুক্ত মেহেরপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা একটা। মেহেরপুর জেলা স্টেডিয়ামে গণসমাবেশ। বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১৫ হাজার মানুষ হাত উঁচু করে শপথ পাঠ করল। আর গতকাল শনিবারের এ অনুষ্ঠানেই মেহেরপুরকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
এর আগে প্রায় ছয় মাস ধরে জেলার প্রতিটি গ্রামে সভা-সমাবেশ করে এবং বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগ ও জনসচেতনতা তৈরির প্রচার চালান মেহেরপুরের জেলা প্রশাসক শফিকুল ইসলাম। তারই ধারাবাহিকতায় গণসমাবেশে বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণা ও শপথের আয়োজন করা হয়।
মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের ইতিহাসে আরও একটি জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হলো। সবার সহযোগিতায় এই অর্জনকে ধরে রাখতে হবে।
সকাল ১০টার দিকে স্টেডিয়ামে সমাবেশস্থলে ভিড় বাড়তে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানসহ শ্রেণি-পেশার মানুষ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে সেখানে হাজির হয়। আমন্ত্রিত অতিথিরা আসার আগে ছিল নাটিকা ও গানের আয়োজন। অতিথিরা আসন গ্রহণ করলে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য দেন ইমাম ও কাজির মতো পেশাজীবী থেকে শুরু করে মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা।
বক্তব্যে তাঁরা বলেন, আজ থেকেই শপথ নিতে হবে মেহেরপুরে আর কোনো বাল্যবিবাহ হতে দেওয়া যাবে না। খবর পাওয়ামাত্রই প্রতিরোধ করতে হবে।
খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বলেন, ‘এটা অসাধারণ উদ্যোগ। আমি মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় অভিভূত। এটা বিভাগের শ্রেষ্ঠ সমাবেশ। এই দৃষ্টান্ত অনুকরণীয় হয়ে থাকবে।’
আন্তর্জাতিক শিশু অধিকার সংগঠন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর টিম হোয়াইট গণসমাবেশে বলেন, শিশুদের বাঁচাতে হলে তাদের বাল্যবিবাহ থেকে রক্ষা করতে হবে। তাদের পাশে দাঁড়িয়ে সুন্দর জীবন গড়তে সহায়তা করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।
জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সাংসদ মকবুল হোসেন, সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা আক্তার বানু প্রমুখ।
গত ছয় মাসে প্রশাসনের হস্তক্ষেপে জেলায় ২০০টির বেশি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। পাশাপাশি ২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ঘটক, কাজি, বর ও অভিভাবকেরা আছেন। এ ছাড়া ৫৮ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ছয় মাসে দুই শতাধিক মতবিনিময় সভা করেছে। ১৮টি ইউনিয়ন ও ১৬২টি ওয়ার্ডে সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানের ব্যক্তিদের বাল্যবিবাহ প্রতিরোধে শপথ করানো হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল জেলাকে বাল্যবিবাহমুক্ত জেলা হিসেবে ঘোষণা দেওয়া হলো।
১৬ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় ‘বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী আমলা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধে নানা উদ্যোগের দিক তুলে ধরা হয়।