বাল্যবিবাহে কাজী হলেন শিক্ষক
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের দঁড়িহাসড়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার কাজী আবু সাঈদ তাঁর মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রের সঙ্গে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বিয়ের কাবিন নিবন্ধন করেছেন।উপজেলার সুঘাট ইউনিয়নের খিদিরহাসড়া গ্রামের বাসিন্দা ওই ছাত্রের বাবা আবদুল খালেক বলেন, গত ২২ জুন পাশের সীমাবাড়ী ইউনিয়নের সদরহাসড়া গ্রামের সামছুল হকের মেয়ে সুরভীর সঙ্গে তাঁর ছেলে জহিরুলের বিয়ে হয়। কাজী আবু সাঈদ বিয়ের কাবিন নিবন্ধন করেন। এ সময় মেয়ের বাবাসহ স্বজনেরা উপস্থিত ছিলেন। ছেলে ও মেয়ের বিয়ের বয়স হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি নীরব থাকেন। বিয়ের কাবিন নিবন্ধনের কথা স্বীকার করে কাজী আবু সাঈদ বলেন, ছেলের ২১ বছর ও মেয়ের ১৮ বছর বয়স হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে জন্মসনদ তাঁকে দেওয়া হয়েছে। সুঘাট ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, সম্প্রতি ওই ছেলের নামে কোনো জন্মসনদ তিনি দেননি। সীমাবাড়ী ইউপির চেয়ারম্যান আফতাব উদ্দিন তালুকদার বলেন, তিনিও ওই মেয়ের নামে সম্প্রতি কোনো জন্মসনদ দেননি। তবে তাঁর অজান্তে কেউ জন্মসনদ নিতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান বলেন, তিনি এই বিয়ের কথা শুনেছেন। নবম ও অষ্টম শ্রেণীর ছেলেমেয়ের বিয়ের বয়স হওয়ার কথা নয়। তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান।