বাল্যবিবাহে সহযোগিতা: কাজিসহ তিনজনের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলাবলা ইউনিয়নে বাল্যবিবাহে সহযোগিতার দায়ে কাজিসহ তিনজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাজি (নিকাহ রেজিস্ট্রার) মো. এনামুল হক (৪০), কণের চাচা এফাজ উদ্দিন (৫৫) ও ভগ্নিপতি আবদুল করিম (২৭)। আজ সকালে তাঁদের লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রাব্বীর ভাষ্য, চলবলা ইউনিয়নের নিথক গ্রামের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মেয়ের বাল্য বিয়ে হচ্ছে—এমন খবর পায় প্রশাসন। এর ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নিথক গ্রামের উদ্দেশে রওনা হয়। কিন্তু তাঁদের আসার খবর পেয়ে ওই মেয়ের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বান্দেরকুড়া গ্রামে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মালেকা বেগমের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ১০টার দিকে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় এনামুল, এফাজ উদ্দিন ও আবদুল করিমকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে বিয়ে রেজিস্ট্রেশনের কাগজপত্র উদ্ধার করা হয়। অপরাধ স্বীকার করায় তাঁদের ১৯২৯ সালের বাল্য বিবাহ অনুযায়ী ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও গোলাম রাব্বী আরও বলেন, ওই অভিযানের সময়, কণের বাবা ও বরসহ বরপক্ষের অন্যান্যরা এবং মহিলা সদস্য মালেকা বেগম পালিয়ে যান। যেহেতু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনুপস্থিত কাউকে শাস্তি দেওয়া যায় না, তাই তাঁদের শাস্তি দেওয়া সম্ভব হয়নি। তবে অভিযান পরিচালনাকারী আসাদুজ্জামানের কাছ থেকে মালেকার ব্যাপারে প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।